ভয়েস বিনোদন ডেস্ক:
ক্যারিয়ার খুব বেশি দিনের নয়, মোটে চার-পাঁচটি সিনেমার নায়িকা হয়েছেন দিশা পাটানি। তাতে অভিনয়ের চেয়ে আবেদনময়তা দিয়েই বেশি নজর কেড়েছেন সবার। তার আকর্ষণীয় ফিগার আর গ্ল্যামার দর্শককে এতটাই টেনেছে যে বলিউডের এত এত সুন্দরী থাকতে তিনিই এখন ভারতের সবচেয়ে চাহিদাসম্পন্ন নারী তারকা। সমগ্র ভারতের শোবিজ তারকাদের মধ্যে দর্শকের কাছে সবচেয়ে কাক্সিক্ষত কারা সেই তালিকা প্রতি বছরই প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়া। ৫০ জন পুরুষ ও ৫০ জন নারী তারকার এ তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। তাতে নারী তারকাদের মধ্যে শীর্ষ স্থানটি অর্জন করেছেন দিশা পাটানি।
আর পুরুষ তারকাদের শীর্ষে আছেন শহিদ কাপুর। এক ‘কবির সিং’ বদলে দিয়েছে শহিদ কাপুরের ক্যারিয়ার গ্রাফ। গেল বছর ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করা ছবিটির পর একের পর এক বড় প্রজেক্ট পাচ্ছেন অভিনেতা। শশাঙ্ক খৈতানের পরের ছবি ‘যোধা’তে মূল ভূমিকায় দেখা যাবে শহিদকে। মজার বিষয় হলো এ ছবিতে তার নায়িকা হবেন দিশা পাটানি। তার মানে সেরা কাক্সিক্ষত দুই তারকার রসায়ন দেখতে পাবেন দর্শক। এ ছবি দিয়েই প্রথমবারের মতো জুটি হবেন শহিদ-দিশা। ছবিটি প্রযোজনা করবেন করণ জোহর। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ফিল্মফেয়ার নিশ্চিত করেছে, নভেম্বরেই শুরু হবে শ্যুটিং। ছবির গল্প ভীষণ পছন্দ করেছেন দিশা। ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, নায়িকা চরিত্রে দিশাই পরিচালকের প্রথম পছন্দ। শহিদ মূল চরিত্র করলেও দিশার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ; বিশেষ করে তার চরিত্রে অনেক ধাপ আছে, পর্দায় নিজেকে ফুটিয়ে তুলতে মুখিয়ে আছেন দিশা। এ বছরের শুরুর দিকে দিশা অভিনীত ‘মালাং’ সুপারহিট হয়। এ ছাড়া হাতে আছে ‘এক ভিলেন ২’। অন্যদিকে শহিদ এখন ব্যস্ত হিট তেলেগু ছবি ‘জার্সি’র রিমেকের শ্যুটিং নিয়ে।
এদিকে বিজ্ঞাপন জগতেও দিশার চাহিদা দিন দিন বাড়ছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপ্রীতির রোষানলে পড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারকা সন্তান আলিয়া ভাট। তার হাতে ছিল বড় ব্যান্ডগুলো। সেগুলোতে এখন আলিয়ার জায়গায় যাদের নেওয়া হচ্ছে তাদের একজন দিশা। এ ছাড়া কিয়ারা আদভানি ও কৃতি শ্যাননকেও কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.