ভয়েস বিনোদন ডেস্ক:
মর্যাদাসম্পন্ন মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘মায়ার জঞ্জাল’ (ডেব্রি অব ডিজায়ার)। এ সিনেমার মাধ্যমে ১৫ বছর পর বড় পর্দা কাজ করেছেন নন্দিত অভিনেত্রী অপি করিম। মস্কোতে সিনেমাটির ইউরোপিয়ান প্রিমিয়ার হতে যাচ্ছে।
গত ১ অক্টোবর শুরু হয়েছে উৎসবটির ৪২তম আসর। ফিল্মস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভাগে নির্বাচিত সিনেমাটি গতকাল দেখানো হয়েছে। আর সমাপনী দিন ৮ অক্টোবরও উৎসবে প্রদর্শিত হবে এটি। নির্মাতা-প্রযোজক জসীম আহমেদ বলেন, ‘গোয়া ফিল্ম বাজারে প্রতিবছর দক্ষিণ এশিয়া থেকে জমা পড়া শত শত ছবির মধ্যে মাত্র ২০-২২টি ছবি রেকমেনডেশনে রাখা হয়। এগুলো বিশ্বের বিভিন্ন উৎসবের প্রোগ্রামার, পরিবেশকসহ অনেকে দেখেন। আমাদের ‘মায়ার জঞ্জাল’ গোয়ায় দেখেই নির্বাচন করেন মস্কো উৎসবের আয়োজকরা। মজার বিষয় হলো, আমাদের কিন্তু ছবিটি জমা দিতে হয়নি!’ এর আগে চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিশিয়াল সিলেকশনে জায়গা পায় ‘মায়ার জঞ্জাল’। এই আয়োজনেই সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হয়। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। ২০১৩ সালে ‘ফড়িং’ সিনেমার মাধ্যমে পরিচালনায় আসেন তিনি। এরপর টেলিভিশনের জন্য ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও ‘ভালোবাসার শহর’ নামে স্বল্পদৈর্ঘ্য ছবি দুটি পরিচালনা করেন।
‘মায়ার জঞ্জাল’-এ অপি করিমের চরিত্রের নাম সোমা। বেকার স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে কলকাতায় তার সংসার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করে সোমা। তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মেধাবী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আগামী বছরের শুরুর দিকে একই দিনে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে ‘মায়ার জঞ্জাল’। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.