ভয়েস নিউজ ডেস্ক:
সম্প্রতি হোয়াইট হাউসের এক কর্মকর্তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের এক ব্যক্তিগত কর্মকর্তা। এই ঘটনার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন করোনার টেস্ট করাবেন তিনি।
বুধবার ওই কর্মকর্তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এমন খবর পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছুটা বিচলিত দেখা গেছে।
এদিকে, ওভাল অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, ওই কর্মকর্তার সঙ্গে তার ব্যক্তিগতভাবে খুব কমই যোগাযোগ হয়েছে। তিনি ওই কর্মকর্তার করোনায় আক্রান্তের বিষয়টিকে কিছুটা অদ্ভূত বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, এই মহামারি কাটিয়ে উঠতে বীরের মতো চেষ্টা করে যাচ্ছে আমেরিকানরা। তিনি বলেন, আমরা সবাই যোদ্ধা। আমি, আপনি, আমরা সবাই।
বৃহস্পতিবার সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয় যে, হোয়াইট হাউসের এক সামরিক কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, ওই কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় প্রেসিডেন্টের সংক্রমিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ওই কর্মকর্তা দেশটির এলিট সামরিক শাখার সদস্য, যাকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ও তার পরিবারের জন্য নিযুক্ত করা হয়। প্রতিনিয়ত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির জন্য কাজ করেন তিনি।
এদিকে, হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলি এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা সম্প্রতি হোয়াইট হাউসের মেডিক্যাল শাখার মাধ্যমে জানতে পেরেছি যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন সদস্য, যিনি হোয়াইট হাউস চত্বরে কাজ করেন; তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
তিনি বলেন, এই ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের করোনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং তাদের দু'জনের স্বাস্থ্য অত্যন্ত ভালো আছে।
ওই কর্মকর্তার শরীরে করোনা ধরা পড়ায় হোয়াইট হাউসে অন্যান্যদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সূত্র:জাগো নিউজ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.