ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন ইয়াবাপাচারকারি নিহত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ভোররাত ৪টার দিকে টেকনাফের নাফ নদীর ১নং স্লইচ গেট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দুই লাখ দশ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরী অস্ত্র ও দুই রাউন্ড বন্দুকের খালি খোসা উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি বিজিবি।
টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘নাফ নদীতে স্পীড বোট নিয়ে বিজিবি’র একটি বিশেষ দল টহল দেয়ার সময় দেখতে পায় একটি কাঠের নৌকা করে তিনজন ব্যক্তি মিয়ানমার জলসীমা পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় টহলরত বিজিবি’র সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি করলে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি করে। এসময় দুইজন পাচারকারি নদীর পানিতে ঝাপ দিয়ে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে চলে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে নৌকাসহ জব্দ করে বিজিবি সদস্যরা। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। এসময় আহত দুইজন বিজিবির সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত ব্যক্তির মৃতদেহ টেকনাফ থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.