বিনোদন ডেস্ক:
ভারতীয় শোবিজে আবারও অস্বাভাবিক মৃত্যুর খবর। কলকাতার একটি অভিজাত আবাসন থেকে উদ্ধার হলো বলিউড অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ। তার বয়স হয়েছিল ৩৫ বছর।হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার দুপুরে আরিয়ার বাড়ি এসে বেশ কয়েকবার বেল বাজিয়ে সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন গৃহকর্মী চন্দনা দাস। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেক থানার পুলিশ।
ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভাঙা হয়। তখনই ঘরের ভেতর থেকে উদ্ধার হয় আরিয়ার রক্তাক্ত দেহ।প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের ছোট মেয়ে আরিয়ার আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। হিন্দুস্তানি ধ্রুপদি সংগীতে স্নাতকোত্তর ডিগ্রিধারী আরিয়া অভিনয় শেখেন মুম্বাইয়ে অনুপম খেরের অভিনয় স্কুল থেকে।
বলিউডে তার প্রথম সিনেমা দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘লাভ সেক্স অউর ধোকা’ (২০১০) এবং পরের বছরই তিনি অভিনয় করেন বিদ্যা বালান অভিনীত ‘দ্য ডার্টি পিকচার’–এ। এর পর তাকে আর সিনেমায় দেখা যায়নি।
প্রতিবেশী আদিত্য চক্রবর্তী বলেন, “ছোটবেলা থেকেই চিনি আরিয়াকে। আমার মায়ের কাছে ও পড়তে আসত। বলিউডে দুটো সিনেমা করেছে আরিয়া। নাম করা মডেলও ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে ছন্নছাড়া একটা জীবন যাপন করছিল সে। পাড়ার লোকজনের সঙ্গেও খারাপ ব্যবহার করত। দেখাও যেত না ওকে। ওর এভাবে মৃত্যুর খবরটা অবশ্যই বেদনাদায়ক, কিন্তু একেবারেই যে অপ্রত্যাশিত, তা নয়। যদিও কীভাবে মৃত্যু তা আমি বলতে পারব না।”
আরও জানান, বাড়িতে একাই থাকতেন আরিয়া। পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রীর মেয়ে ছিলেন তিনি। ঘটনার ব্যাপারে গৃহকর্মী বলেন, “সকাল থেকে বেশ কয়েকবার ফোন করি। কিন্তু ফোন বন্ধ ছিল। বেল বাজিয়েও কোনো সাড়া পাইনি। পুলিশ এসে দরজা খোলার পর দেখলাম, মুখ থুবড়ে উল্টে পড়ে রয়েছে আরিয়া। রক্ত ছড়িয়ে রয়েছে মেঝেতে।”
চন্দনা আরও বলেন, “খুব বেশি কথা বলত না দিদি। আমি এলে নিজের কুকুরটাকে নিয়ে অন্য ঘরে গিয়ে বসে থাকত।”
ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা। তারা প্রতিবেশী ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলছেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ।
শুক্রবার সকালেও তিনতলার বারান্দায় আরিয়াকে দেখতে পাওয়া যায়। কিন্তু এর পর আর তাকে দেখা যায়নি। পুলিশকে এমনই জানিয়েছেন প্রতিবেশীরা। দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। কীভাবে মৃত্যু হল এই অভিনেত্রীর তা তদন্ত করে দেখছেন পুলিশ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.