ভয়েস নিউজ ডেস্ক:
ঢাকার সিনেমায় বহু দিন ধরেই তারকাবহুল কোনো চলচ্চিত্র দেখা যায় না। তবে এবার ব্যতিক্রম ঘটল। এক সিনেমায় দেখা যাবে ১২ জন জনপ্রিয় তারকাকে। সেই চলচ্চিত্রটি আবার স্বল্পদৈর্ঘ্যরে। ‘আলো আসবেই’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্মাণ করছেন দেবাশীষ বিশ্বাস। দেশ রূপান্তরকে পরিচালক জানান, করোনাভাইরাস নিয়ে সচেতনতা তৈরি করতেই তিনি চলচ্চিত্রটি নির্মাণ করছেন। এই চলচ্চিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, অমিত হাসান, অপু বিশ্বাস, জায়েদ খান, ইমন, সাইমন সাদিক, ববি, বাপ্পি চৌধুরী, শাহরিয়াজ, মাহিয়া মাহি, আঁচল, তমা মির্জাসহ অনেকে।
দেবাশীষ বিশ্বাস বলেন, ‘এটা মূলত লকডাউন সিনেমা। তারকাদের আমি স্ক্রিপ্ট দিয়ে দিয়েছি। তাদের ক্যারেক্টার, তাদের সংলাপ-চিত্রনাট্য বুঝিয়ে দিয়েছি। যার যার বাসা থেকে তারা প্রস্তুতি নিচ্ছেন। তারা তাদের মতো করে শ্যুট করে আমার কাছে পাঠাবেন। তারপর আমি এডিট করে পাঠাব ইমন সাহার কাছে। তিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক করে দেবেন। এভাবেই আমরা আমাদের সিনেমার পরিকল্পনা করেছি।’
সবকিছু ঠিক থাকলে ঈদের চার-পাঁচ দিন আগে সিনেমাটি অনলাইনে মুক্তি দেবেন বলে জানালেন এই পরিচালক। গল্পে উঠে আসবে করোনাভাইরাসের কারণে মানুষের জীবনযাপনে প্রভাব ও সচেতনতামূলক বার্তা। দেবাশীষ বলেন, ‘আমার এই সিনেমার গল্পের কাঠামো করোনাভাইরাস রিলেটেড। শুধু করোনা নিয়ে সচেতনতায় নয়, মানুষের সামাজিক দায়বদ্ধতাও এই সিনেমায় তুলে ধরা হয়েছে। আমরা কীভাবে করোনা থেকে দূরে থাকতে পারি, সেই সতর্কতাগুলোও উঠে আসবে। ত্রাণ-সহায়তাসহ সবার ভেতরে যে মেলবন্ধন তৈরি হচ্ছে, সেটি তুলে ধরেছি। আমরা ঈদের শপিং থেকেও সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছি। ঈদের শপিং না করে সবাই সেই টাকা অসহায়দের সহায়তা করে এমন বার্তা দেওয়ার চেষ্টা করেছি ।’
শুধু তা-ই নয়, করোনা নিয়ে সবাই যখন হতাশাগ্রস্ত, তখন এই চলচ্চিত্রে সিরিয়াস বিষয়টিকে কমেডিনির্ভর করে উপস্থাপন করে বার্তা দেওয়ার চেষ্টা করা হবে। পরিচালক বলেন, ‘আমরা চাই করোনা নিয়ে মানুষের হতাশা কাটিয়ে তুলতে। সেজন্য এই সিনেমায় কমেডিও রাখছি। বলা যায়, আমরা যা বলতে চাই, তা হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করবো। এতে করে দুটি কাজ হবে, এক সবাই বিনোদন পাবে, দ্বিতীয়ত সচেতনতামূলক বার্তাও দেওয়া হবে।’
১২ জন তারকা এই সিনেমায় কাজ করলেও সবাই বিনা পারিশ্রমিকে কাজ করছেন বলে জানালেন পরিচালক। তিনি বলেন, ‘ঘরে বসে যেমন বিনোদন নেওয়া যায়, তেমনি ঘরে বসে বিনোদন দেওয়াও যায়। সেই প্রচেষ্টায় আমার পাশে তারকারাও এগিয়ে এসেছেন। তারা একেবারে বিনা পারিশ্রমিকে আমার এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করছেন। আমি যখন তাদের পরিকল্পনা জানালাম তখন সবাই কোনো পারিশ্রমিক ছাড়াই সিনেমায় কাজ করার জন্য আগ্রহ পোষণ করেন।’
এত সংখ্যক তারকার অংশগ্রহণের ব্যাপারে তিনি বলেন, ‘এত দিন যাদের চেষ্টা করেও এক সিনেমায় নিতে পারিনি, এই ছোট সিনেমায় তাদের সবাইকে নিতে পেরেছি। সবাই এই সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন। সেজন্য সবার কাছে আমি কৃতজ্ঞ।’
‘আলো আসবেই’-এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস। শাহজাহান সৌরভের গল্প অবলম্বনে সংলাপ লিখেছেন শাজাহান সৌরভ ও পরিচালক। সংগীতায়োজন করছেন প্রিতম। আবহ সংগীত করছেন ইমন সাহা। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.