ছোটন কান্তি নাথ:
দোকান বন্ধ করে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে লাশ হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের নাথপাড়ার দুই যুবক। সোমবার দিবাগত রাত বারোটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগরের কাছে নূর আয়েশার টেক নামক এলাকায় তেলবাহী ভউচার ধাক্কা দিলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।
খবর পেয়ে মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় জব্দ করা হয় দুর্ঘটনায় পতিত তেলবাহী ভউচার ও মোটর সাইকেলটি।
নিহতরা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের সাতনম্বর ওয়ার্ডের নাথপাড়ার রায়মোহন নাথের পুত্র শয়ন নাথ (২৫) ও ক্ষীরমোহন নাথের পুত্র শিপন নাথ (৩২)।
হারবাং নাথপাড়ার বাসিন্দা শিক্ষক উজ্জ্বল নাথ জানান, লোহাগাড়ার চুনতি স্টেশনে দর্জির দোকান বন্ধ করে দুইজন মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাতে। পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হন। মর্মান্তিকভাবে দুই যুবকের মৃত্যুতে দুই পরিবারসহ পুরো পাড়ায় শোকের ছায়া নেমেছে।
মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি ইন্সপেক্টর মো. আনিছুর রহমান জানান, চট্টগ্রামমুখী তেলবাহী ভউচারের (চট্টমেট্রো-চ-৪১-০০৫৭) চাপায় ঘটনাস্থলেই নিহত হন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল (কুমিল্লা-হ-১৩-৮৫০২) আরোহী দুইজন। তাদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রাখা হয়েছে।
আনিছুর রহমান জানান, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.