বিনোদন ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করবেন। গত ২৫ জানুয়ারি মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে শুরু হয়েছে ছবির শুটিং। শুটিংয়ে অংশ নিতে ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ফ্লাইট ধরেছেন তিনি।
জীবনীচিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নুসরাত। অনেক আশা নিয়ে বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন তিনি। তার ইচ্ছা ছিল, এ সিনেমায় ছোট্ট চরিত্রে অভিনয় করে হলেও ইতিহাসের সাক্ষী হওয়ার।
ফারিয়া জানালেন, প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয়কে তিনি চাপ হিসেবে নিচ্ছেন না। চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন। তাই তো সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন।
ফারিয়ার ভাষ্য, “আর্কাইভ, ইউটিউব বা যেটাই বলি না কেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ভিডিওগুলো খুব লিমিটেড। এখন পর্যন্ত আমি যতটুকু জেনেছি প্রধানমন্ত্রী সম্পর্কে সেটা ওয়ান টু ওয়ান কথা বলে জানতে হয়েছে আমার। আবার অন্য জায়গা থেকে খুব বেশি তথ্য পেয়েছি, তাও না। সবটাই জেনেছি আমার হোমওয়ার্ক, প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারভিউ সেশন থেকে। এ বিষয়ে অনেক বেশি সহযোগিতা করেছেন আমাদের সিনেমার উপদেষ্টা ড. গওহর রিজভী। তার পুরো একটা রিসার্চ টিম রয়েছে। পাশাপাশি শ্যাম বেনেগাল স্যারের টিমও সাহায্য করছে। আমার কাছে মনে হয়, এটি একজনের কাজ নয়। ইটস টিমওয়ার্ক।”
শেখ হাসিনার চরিত্রটি ফারিয়ার সঙ্গে মানানসই নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে। তবে ফারিয়া মনে করেন, চরিত্রটি যতটুকু না চেহারার, তার চেয়ে অনেক বেশি ব্যক্তিত্বের।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর মতো লাগতে হবে, ওই চিন্তা করাটাও আমার জন্য কঠিন। তার ব্যক্তিত্ব, লুক পুরোটাই আমি আর বলতে পারছি না। উনার বিষয়ে কথা বলতে গেলেই আমি নার্ভাস হয়ে যাই।”
ফারিয়ার হাতে বর্তমানে ৭টি সিনেমা রয়েছে। এরমধ্যে তিনটি সিনেমা কলকাতার। সবগুলো সিনেমাই বড় বাজেটের। এদিকে ২৬ মার্চ মুক্তি পেতে চলেছে ফারিয়া অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি।
ভয়েস / জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.