ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী উপজেলার গোরকঘাটা-শাপলাপুর প্রধান সড়কে ছোট মহেশখালীর উত্তর ও দক্ষিণকূলের খালের সংযোগ ব্রিজ ভেঙে একটি মালবাহী ট্রাকসহ খালে পড়েছে। আজ সোমবার সকাল ৭টায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজ সকালে একটি মালবাহী ট্রাক ওই ব্রিজ পার হয়ে মহেশখালীর গোরকঘাটা যাওয়ার সময় বিকট শব্দে ব্রিজটি ধসে পড়ে। তবে এতে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর থেকে মালবাহী ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।
এদিকে ব্রিজটি মালবাহী ট্রাকসহ ধসে যাওয়ায় শাপলাপুর ইউনিয়নের সঙ্গে মহেশখালী উপজেলা সদরের সড়কে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, ওই ব্রিজটির নিচে খাল থেকে কিছু অসাধু লোক অবাধে বালু উত্তোলন করার কারণে অনেক আগেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিভিন্ন সময়ে ব্রিজের বিভিন্ন অংশ ধসে পড়ে।
পরে ব্রিজটি মেরামত না হওয়ায় ও ধারণক্ষমতার অধিক যানবাহন চলাচলের কারণে আজ সকালে মালবাহী ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে।
ছোট মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তারেকুল ইসলাম জানান, এই ব্রিজের আশপাশে ছড়া ও খাল থেকে স্থানীয় কতিপয় অসাধু বালু ব্যবসায়ী বালু উত্তোলন করার কারণে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। প্রশাসন থেকে কোন ধরনের পদক্ষেপ না নেওয়ায় অবশেষে মালবাহী ট্রাক সহ ধসে পড়ে গেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে জানান, ব্রিজটি নানা প্রাকৃতিক কারণে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল এবং ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ ছিল। অধিক ধারণ ক্ষমতার ট্রাক চলাচলের কারণে ব্রিজটি ভেঙে যায়। সেখানে নতুন ব্রিজ স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। অভিদ্রুত নতুন ব্রিজের কাজ শুরু করা হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.