ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) উপজেলার রঙ্গিখালী লামার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর বাসিন্দা নুর কবিরের মেয়ে কমলা (৬) ও জান্নাত আরা (৪)। কমলা রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। এদিকে খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রঙ্গিখালী লামার পাড়া এলাকার হোছেন আহমদ নামের এক ব্যক্তি তার জমি থেকে মাটি বিক্রি করেন। এতে সেখানে একটি মাটির গর্ত হয়। বৃষ্টির পানি জমে পুকুরে পরিণত হয়। দুপুরে সেখানে গোসল করতে নেমে ডুবে যায় তারা।
পরে বাড়ির লোকজন তাদের বাড়িতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর ওই পুকুরের পানি থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ঘটনা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, পানিতে ডুবে মারা যাওয়ায় লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গোটা এলাকায় শোক বিরাজ করছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.