ভয়েস প্রতিবেদক:
সহপাঠিকে বাঁচাতে গিয়ে সৈকতের সাগরের পানিতে স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। ইশরার হাসনাইন (১৭) নামের স্কুলছাত্র কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় । সে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
লাইফগার্ডের কর্মীরা বলেন, জোয়ারের ধাক্কায় এক সহপাঠী ভেসে যাচ্ছিল। তাকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয় ইশরার হাসনাইন। সে শহরের বাজারঘাটা এলাকার আমান উল্লাহর ছেলে।
ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় স্থানীয় সি সেফ লাইফগার্ড কর্মীরা দুপুর ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়েও ইশরারের সন্ধান পাননি।
এ খবরের সত্যতা নিশ্চিত করে সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি সি সেফ লাইফগার্ডের পরিচালক ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, বেলা ১১টা পর থেকে সাগরে জোয়ার শুরু হয়েছে। উত্তাল জোয়ারের ধাক্কায় উপকূল প্লাবিত হচ্ছে। এ কারণে তল্লাশি অভিযান বন্ধ রাখা হয়েছে। বেলা একটার দিকে সাগরে ভাটা শুরু হলে পানি কমে যাবে, তখন আবার তল্লাশি চালানো হবে।
লাইফগার্ডের কর্মীরা বলেন, সকাল আটটার দিকে ইশরার হাসনাইন অপর তিন বন্ধুসহ সৈকতের শৈবাল পয়েন্টের কবিতা চত্বর এলাকায় গোসলে নামে। এ সময় ঢেউয়ের ধাক্কায় একজন সহপাঠী ভেসে গেলে তাকে উদ্ধার করতে নামে ইশরার। তখন স্রোতের টানে ইশরার নিখোঁজ হয়। লাইফগার্ডের কর্মীরা সাগরে নেমে একজনকে উদ্ধার করলেও ইশরার নিখোঁজ রয়েছে। ইশরার সমুদ্রের গুপ্ত খালে আটকা পড়তে পারে বলে তাঁদের ধারণা।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. জিললুর রহমান বলেন, নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারের তৎপরতা চলছে। সমুদ্র উত্তাল থাকায় অভিযান ব্যাহত হচ্ছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.