বিনোদন ডেস্ক:
করোনা মহামারির কারণে বিশ্বের সবকিছুই অস্বাভাবিক গত প্রায় দেড় বছর ধরে। বিভিন্ন দেশে রয়েছে সিনেমা হল বন্ধ। পাশাপাশি জনসমাগম হয় এমন আয়োজনের অনুমতিও মিলছে খুব কম। আর বড় চলচ্চিত্র উৎসবগুলোও বাতিল করা হয়েছে।
তবে এর মাঝেই বিশ্বের সবচাইতে মর্যাদাসম্পন্ন চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত কান চলচ্চিত্র উৎসব শুরু হলো। গতকাল পর্দা উঠেছে উৎসবটির ৭৪তম আসরের। করোনার কারণে গত বছর এ উৎসবটি বাতিল করা হয়েছিলো। এবারের উৎসব নিয়েও ছিল সংশয়।
প্রতি বছর মে মাসেই এ উৎসব আয়োজন হয়। তবে এবার ৬ই জুলাই থেকে শুরু হয়েছে। চলবে ১৭ই জুলাই পর্যন্ত। মহামারি শুরুর পর এটাই প্রথম কোনো বড় চলচ্চিত্র উৎসব যা প্রায় স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে উৎসবে অংশ যারাই নিবেন তাদের অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে আগের দিন। এবারের উৎসবের লাল গালিচায় হাঁটার জন্য মুখিয়ে আছেন বিশ্বের জনপ্রিয় সব তারকারা। জানা গেছে, এবার নিকোল কিডম্যান, জুডি ফস্টার, ম্যাট ডেমনসহ অনেক হলিউড তারকাই হাজির থাকবেন উৎসবে। তবে বাংলাদেশি দর্শকদের জন্য এবার কান উৎসবটি একটি বিশেষই বটে। কারণ বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ প্রথমবারের মতো এ উৎসবে অফিশিয়ালি নির্বাচিত হয়েছে। উৎসবে যোগ দিতে এরইমধ্যে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ টিমের সাত জন।
আজ (৭ই জুলাই) কানের পালে দো ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে সকাল ১১টা ১৫ মিনিটে প্রথম প্রদর্শন হবে ছবিটি। এখানেই অংশ নেবেন বাঁধন-সাদরা।
১৬ই জুলাই আঁ সার্তে রিগার বিভাগের অ্যাওয়ার্ড ডিক্লারেশনের সময়ও বাংলাদেশ থেকে অডিয়েন্সে থাকবেন ছবির সঙ্গে যুক্ত এ ৭ জন। এদিকে গতকাল কান উৎসবের পর্দা উঠে লিওস ক্যারাক্সের ‘অ্যানেত’ চলচ্চিত্রের মাধ্যমে। এদিকে সিনে বিশ্লেষকরা বলছেন, গতবার উৎসব বাতিল হওয়ায় এবার স্বর্ণপামের জন্য লড়াইটা বেশ কঠিন হবে।
বিখ্যাত চলচ্চিত্র পরিচালকরা এবার কানে হাজির থাকছেন তাদের চলচ্চিত্র নিয়ে। এবারের উৎসবে বিচারক হিসেবে থাকছেন ২৪ জন। নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পরিচালক স্পাইক লি। এবার কানে সম্মাননা দেয়া হচ্ছে মার্কিন অভিনেত্রী ও পরিচালক জুডি ফস্টারকে।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.