বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলী (২৭) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
শনিবার (১৭ জুলাই) ভোরে কক্সবাজার শহরের ৬নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত আশু আলী কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প ফরেস্ট অফিস পাড়ার জাফর আলমের ছেলে। এসময় ঘটনাস্থল থেকে একটি স্যুটারগান, একটি দেশীয় তৈরী এলজি, ২টি গুলি ও ৪টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

র্যাব-১৫ কক্সবাজারের উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভির হাসান সত্যতা নিশ্চিত করেছেন। তিনি কক্সবাজার ভয়েসকে জানান, কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠ এলাকায় শহরের শীর্ষ সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলীর অবস্থানের খবর পেয়ে র্যাবের একটিদল অভিযানে যান। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আশু আলী বাহিনীর সদস্যরা গুলি করে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে আশু আলী বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী করে একটি স্যুটারগান, একটি দেশীয় তৈরী এলজি, ২টি গুলি ও ৪টি গুলির খোসা ও গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী আশু আলীকে উদ্ধার করা হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত আশু আলীর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র, ডাকাতি প্রস্তুতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.