বিনোদন ডেস্ক :
মহামারি করোনার ভয়াবহ প্রভাব প্রতিটি অঙ্গনেই পড়েছে। দীর্ঘদিন শুটিং বন্ধ থাকার পর পুনরায় বলিউডে শুরু হয়েছে শুটিং। কিন্তু এই সংকটের কারণে আর্থিক ক্ষতি কম হয়নি। চলতি বছরে বলিউডের একঝাঁক তারকা অভিনেত্রীর মোট সম্পত্তির হিসাব প্রকাশ করেছে প্যাশন বাজ ডটকম নামে একটি প্রতিষ্ঠান। চলুন জেনে নিই, টাকার দৌড়ে কোন নায়িকা এগিয়ে—
ঐশ্বরিয়া রায় বচ্চন
এই বিশ্ব সুন্দরী এখন বচ্চন পরিবারের ঘরনী। বর্তমানে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক এই অভিনেত্রী। অভিষেক বচ্চনের স্ত্রী অ্যাশ অভিনয় জগতে পা রাখার আগে বিশ্বসুন্দরীর খেতাব জয় করেন। তার ঝুলিতে রয়েছে পদ্মশ্রীর মতো সম্মাননাও। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার দীর্ঘাঙ্গী এই অভিনেত্রী ১৯৭৩ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। প্রতিটি চলচ্চিত্রের জন্য পারিশ্রমিক নেন ৭-৮ কোটি রুপি।
কারিনা কাপুর খান
১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এখন নবাব বংশের পুত্রবধূ। ৬০ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক তিনি। প্রতি চলচ্চিত্রের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ১৯৮২ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন। ২০০২ সালে বলিউডে পা রাখেন তিনি। বলিউড থেকে হলিউড দুনিয়ায় চলছে তার বিচরণ। ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার প্রিয়াঙ্কার ঝুলিতে রয়েছে মিস ওয়ার্ল্ডের খেতাব। স্বামী নিক জোনাসের সঙ্গে বিয়ের পর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বলিউডের এই অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৫০ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিটি চলচ্চিত্রের জন্য প্রিয়াঙ্কা পারিশ্রমিক নেন ২১ কোটি রুপি।
দীপিকা পাড়ুকোন
বলিউড অভিনেত্রী দীপিকার জন্ম ১৯৮৬ সালের ৫ জানুয়ারি। ২০০৬ সালে বলিউডে অভিষেক ঘটে তার। ব্যক্তিগত জীবনে রণবীর সিংয়ের সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেত্রী। দীপিকার মোট সম্পত্তির পরিমাণ ৪৭ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিটি চলচ্চিত্রের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেত্রী।
আনুশকা শর্মা
১৯৮৮ সালের ১ মে জন্মগ্রহণ করেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ২০০৮ সালে বলিউডে পা রাখেন তিনি। ব্যক্তিগত জীবনে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির ঘরনী আনুশকা। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। এই অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৩৬ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিটি চলচ্চিত্রের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন ১২ কোটি রুপি।
ক্যাটরিনা কাইফ
১৯৮৩ সালের ১৬ জুলাই জন্মগ্রহণ করেন ক্যাটরিনা কাইফ। ২০০৩ সালে বলিউডে অভিষেক ঘটে তার। ক্যাটরিনার মোট সম্পত্তির পরিমাণ ৩০ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিটি ফিল্মের জন্য ক্যাটরিনা নিয়ে থাকেন ১২ কোটি রুপি। ব্যক্তিগত জীবনে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রেম করছেন বলে গুঞ্জন রয়েছে।
কাজল
১৯৭৪ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন অভিনেত্রী কাজল। ১৯৯২ সালে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। ব্যক্তিগত জীবনে অভিনেতা অজয় দেবগনের সঙ্গে ঘর বেঁধেছেন এই নায়িকা। তার মোট সম্পত্তির পরিমাণ ২৮ মিলিয়ন মার্কিন ডলার। ৪৫ বছর বয়েসী এই অভিনেত্রী প্রতিটি ফিল্মের জন্য পারিশ্রমিক নেন ৯-১২ কোটি রুপি।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.