ভয়েস প্রতিবেদক:
উখিয়ায় বিজিবি ও র্যাব পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবা এবং এক রোহিঙ্গা সহ দুই ইয়াবা কারবারিকে আটক করেছে। কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ শনিবার সন্ধ্যায় এক প্রেস রিলিজ এ জানান, সকালে বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের ঘুমধুম বিওপির সদস্যরা উখিয়ার কাস্টমস মোড় এলাকায় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় ইয়াবা পরিবহনের অভিযোগে সিএনজি অটোরিক্সা চালক নাইক্ষংছড়ি উপজেলার হেডম্যান পাড়ার মৃত ওয়াজেদ আলীর ছেলে সৈয়দ আলম কে আটক করে।
৩৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া থেকে কুতুপালগামী সিএনজি অটোরিক্সাটিতে তল্লাশী চালানো হয়। তল্লাশীর এক পর্যায়ে একটি বস্তার ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
অপর দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প হতে ৮০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
আজ শনিবার ২৮ আগস্ট ভোর রাত ৪ টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামী হল, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকার আহমেদের ছেলে আনোয়ার ইসলাম (৩৪)।
র্যাব-১৫ সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) সিনিঃ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আজ বিকেলে দেয়া এক প্রেস রিলিজ এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থী আনোয়ার ইসলাম দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট তার নিজ বসতঘরে মজুদ রেখে ক্রয়-বিক্রয় করে আসছে এবং বর্তমানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট তার ঘরে মজুদ আছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে তার বসত ঘরের এক কোণায় একটি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে সর্বমোট ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.