খেলাধুলা ডেস্ক:
টানটান উত্তেজনা, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, রোমাঞ্চকর অপেক্ষা। বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য ইংল্যান্ডের ১২ বলে প্রয়োজন ১৬ রান। বোলিংয়ে আসলেন পেসার রুবেল হোসেন। ব্যাটিং প্রান্তে স্টুয়াট ব্রড। রুবেলের ১৪২ কিলোমিটার গতির লেন্থ বল ভেঙে দেয় ব্রডের উইকেট। উল্লাসে ফেটে পড়েন এই ডানহাতি পেসার। ক্রিজে এসে অ্যান্ডারসন। কোনো মতে এক বল খেললেন, পরের বলেই বোল্ড। রুবেল ছুটছেন, তার পিছে যেনো ছুটছে পুরো বাংলাদেশ।
অ্যাডিলেডে মাশরাফি বিন মুর্তজার দল জিতে যায় ১৫ রানে। ইতিহাসের পাতায় লেখা হয় অ্যাডিলেড রূপকথা। কাকতালীয়ভাবে চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন রাতে বাংলাদেশ স্কোয়াডে ঢুকলেন পেসার রুবেল হোসেন। সাইফউদ্দিনের ব্যাক ইনজুরি রুবেলের ভাগ্য খুলে দেয়। তারও চার বছর ঘরের মাঠে যৌথ আয়োজনের ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ইমরুল কায়েস-শফিউল ইসলামদের কল্যাণে ইংল্যান্ডের বিপক্ষে হাসি মুখে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। সাগরিকার পাড় চট্টগ্রামে লেখা হয়েছে মহাকাব্য।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদের মুখোমুখি বাংলাদেশ। এখন পর্যন্ত দলটির বিপক্ষে কোনো টি-টোয়েন্টি ম্যাচই খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদরা। চারটি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল। তার মধ্যে চট্টগ্রাম ও অ্যাডিলেডে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছেড়েছে। অ্যারাবিয়ান সাগরের দ্বীপ আবু ধাবীতে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মহারণে নামবে দুই দল। এবার আবুধাবীতে চট্টগ্রাম-অ্যাডিলেড রূপকথার হাতছানি দিচ্ছে।
বাংলাদেশ বোলিং কোচ ওটিস গিবসনের ভাষ্যতো এমনই, 'অবশ্যই আমরা বিশ্বাস করি আমরা যে কোনো দলকে হারাতে পারি। বাছাইপর্বটা একটু স্নায়ুক্ষয়ী ছিল। সেখানে পরিস্থিতি ভিন্ন। কিন্তু এখন আমরা বড় দলের মধ্যে এসেছি এবং আমাদের সবার পরিমাপ একরকম। তাই আমরা এখানে সংখ্যা বাড়াতে আসিনি অবশ্যই জিততে এসেছি।'
টি-টোয়েন্টি বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দারুণ সূচনা করেছে ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে উইন্ডিজরা মাত্র ১৪.২ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ৫৫ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা তৃতীয় সর্বনিম্ন। টার্গেটে খেলতে নেমে ৮.২ বলে ইংল্যান্ড লক্ষ্যে পৌঁছে যায়, তবে তারা হারিয়ে ফেলে ৪টি উইকেট। ২১ থেকে ৩৯ রানের ব্যবধানে এই চারটি উইকেট হারায় ইংল্যান্ড। এখানেই সুযোগ দেখছেন গিবসন।
তিনি বলেন, 'জানি ওরা আমাদের কঠিন লড়াইয়ের মুখোমুখি দাঁড় করাবে, পাশাপাশি আমাদের সুযোগও দেবে। যেমন উইন্ডিজের সঙ্গে ৫৫ রান তাড়া করতেই ওদের চার উইকেট গিয়েছিল। তো এই জিনিসগুলোকে আমরা ইতিবাচকভাবে নিতে পারি। আমাদের নিজেদের সেরা খেলা খেলতে হবে এবং মনে রাখতে হবে যে ওরা আমাদের সুযোগ দেবে।'
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.