বিনোদন ডেস্ক:
অবশেষে মুক্তি পেলো মিথিলার বলিউড সিনেমা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ২০১৯ সালে বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় নাম লেখান তিনি। ভারতের হায়দার খান পরিচালিত এ সিনেমার কাজ বেশ আগে শেষ করেন। কিন্তু করোনা সংকট ও সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য এতদিন আটকে ছিল সিনেমাটির মুক্তি।
অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২৩ আগস্ট সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় এটি। আর গতকাল (১৫ নভেম্বর) অ্যাপেল টিভিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর মাধ্যমে বলিউডে অভিষেক হলো মিথিলার।
রোহিঙ্গা তরুণী হুসনে আরার চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। আরাকান ও হিন্দি—দুই ভাষায় কথা বলতে দেখা যাবে তাকে। হিন্দি ভাষায় পারদর্শী থাকায় শুটিংয়ের সময় তা কাজে দিয়েছে। তবে শুটিং সেটে একজন অনুবাদকও রাখা হয়েছিল। কাজের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী রাইজিংবিডিকে বলেন, ‘এ সিনেমার কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। সুতরাং এই কাজের অভিজ্ঞতা নিঃসন্দেহে ভালো। এই সিনেমায় কাজ করার পরই মূলত অভিনয় করার সিদ্ধান্ত নিই।’
নিজের সেরাটা দিয়ে কাজটি করেছেন মিথিলা। তা জানিয়ে এই নায়িকা বলেন, ‘এই সিনেমাকে অনেক সম্মান করি। কিন্তু এটি আমার পারফেক্ট কাজ হবে না! কারণ এটি আমার প্রথম সিনেমা। মডেলিং থেকে এর মাধ্যমে সিনেমায় নাম লেখিয়েছি। এজন্য অনেক আশাও করছি না। তবে আমি আমার সেরাটা দিয়ে কাজটি করার চেষ্টা করেছি।’
‘রোহিঙ্গা’ সিনেমার পরিচালক হায়দার খান বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। মজার ব্যাপার হলো—এ সিনেমার চিত্রনাট্য সাজানো হয় মিথিলাকে কেন্দ্র করে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.