ভয়েস প্রতিবেদক:
সংবাদ সম্মেলনে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে হুমকি ও অপপ্রচারের অভিযোগ
জাতীয় পরিষেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা নেওয়ায় আরএফ বিল্ডার্স নামে এক ডেভলপার কোম্পানির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তুলেন কক্সবাজার আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুল আলম নামে সিনিয়র এক আইনজীবী। তিনি শহরের কলাতলীর ওয়ার্ল্ড বীচ রিসোর্টের ভূমির মালিক। হোটেলটি তৈরী করেছে আরএফ বিল্ডার্স।
নুরুল আলম দাবী করেন, দীর্ঘদিনেও ফ্ল্যাট বুঝে না দিয়ে গত ৮ নভেম্বর রাতে জোর পূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে ডেভলপার কোম্পানি। এসময় বাঁধা দিলে সন্ত্রাসী নিয়ে হামলা চালায় তাদের উপর। পরে জাতীয় পরিষেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আরএফ বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক হাজী দেলোয়ার হোছেন, তার ছেলে ওমর ফারুক ও ইমরান ফয়সাল এবং আরএফ বিল্ডার্সের কর্মকর্তা শেখ আব্দুল্লাহকে আটক করে। এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন অ্যাড. নুরুল আলম। হাজী দেলোয়ার হোসেন জামিন পেলেও বাকিরা এখনো কারাগারে আছেন।
কারাগার থেকে বের হয়ে ভূমি মালিকদের প্রাণনাশের হুমকি এবং পুলিশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন অ্যাড. নুরুল আলম।
অ্যাড. নুরুল আলমের অভিযোগ, ৪ বছরের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার চুক্তি করে ২০০৮ সালে কলাতলীতে তাদের জমিটি নিয়েছিল আরএফ বিল্ডার্স। কিন্তু সাড়ে ১৩ বছরেও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি ডেভলপার কোম্পানি। এই ডেভলপার কোম্পানির মালিক হাজী দেলোয়ার প্রতারণার মাধ্যমে ভূমি মালিকদের তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে যাচ্ছেন। ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য জোরাজোরি করলে তাদের উপর হামলা চালানো হয় ও হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ভূমি মালিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অ্যাড. আশরাফুল আলম, জাহানারা বেগম, মনসুর আলম, খোরশেদ আলম, জাহেদ রেজাসহ অনেকেই।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.