প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২১, ৫:২৪ পি.এম
টেকনাফ কোস্টগার্ডের প্রশাসনিক ভবনের উদ্ধোধন

ভয়েস প্রতিবেদক:
মিয়ানমার সীমান্তে নাফ নদী ও সমুদ্রপথে মাদকপাচার, মানবপাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারি কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের প্রশাসনিক ভবন, অফিসার্স মেস ও নাবিক নিবাস ভবনের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১১ টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদীর তীরে ভবনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
সীমান্তের টেকনাফে কোস্টগার্ডের গুরুত্বপূর্ণ স্টেশনটিতে দীর্ঘদিন ধরে আবাসন সহ অবকাঠামোগত নানা সংকটের মধ্য দিয়ে দাপ্তরিক কাজ পরিচালনা করতে হয়েছে। এখন ভবনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেটার অবসান হল।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ, কোস্টগার্ডের পূর্ব-জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল, টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী সহ কোস্টগার্ডের উর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন নির্মিত ভবনগুলো উদ্বোধনের পর অনুষ্ঠানের প্রধান অতিথি কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল আশরাফুল হক চৌধুরী তিনটি গাছের চারা রোপন করেন। পরে অর্ধ-শতাধিক জেলেদের মাঝে লাইফ জ্যাকেট, বয়া, টর্চ-লাইট, ম্যাগনেটিক কম্পাস ও রেডিও বিতরণ করা হয়।
কোস্টগার্ডের সংশ্লিষ্টরা জানান, সীমান্তে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন মাদকপাচার, মানবপাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনবল, অবকাঠামো ও উপকরণগত সংকটের কারণে যথার্থ নজরদারী করা সম্ভব ছিল না। এখন পর্যায়ক্রমে বিরাজমান সংকট সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.