প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২১, ৫:২৮ পি.এম
টেকনাফ -সেন্টমার্টিন্স সমুদ্র পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের সাথে সেন্টমার্টিন্স দ্বীপে সমুদ্র পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ মংগলবার দুপুর থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিন্স দ্বীপে জাহাজ চলাচল শুরু হয়। বংগোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় জাওয়াদের কারণে কক্সবাজার সমুদ্র উপকূলে তিন নম্বর সতর্কতা সংকেত জারি হলে গত রবিবার ও গতকাল সোমবার কক্সবাজার ও টেকনাফের সাথে সেন্টমার্টিন্স দ্বীপে সমুদ্র পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে প্রশাসন। ঘুর্ণিঝড় কেটে যাওয়ায় আজ মংগলবার দুপুরে আবহাওয়া অফিস তিন নম্বর সতর্কতা সংকেত তুলে নেয়। সাগরে আবহাওয়া পরিস্থিতিরও উন্নতি হওয়ার প্রশাসন সেন্টমার্টিন্স দ্বীপে সমুদ্র পথে পর্যটকবাহী জাহাজ চলাচলে অনুমতি দেয়। কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান ঘুর্ণিঝড় কেটে গেছে। তাই সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত আর নেই। তাই সেন্টমার্টিন্স দ্বীপের সাথে পর্যটকবাহী জাহাজ চলাচলে আর বাধা নেই। পর্যটকবাহী জাহাজ কেয়ারী ক্রুজ এন্ড ডাইন এর কর্মকর্তা নুর মোহাম্মদ জানান সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত তুলে নিলে প্রশাসনের অনুমতি নিয়ে আজ দুপুর দেড়টার দিকে টেকনাফের নাফ নদীর জেটি ঘাট থেকে পর্যটকদের নিয়ে কেয়ারী জাহাজ সহ আরো ৫ টি জাহাজ সেন্টমার্টিন্স দ্বীপের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
একইভাবে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে পর্যটকদের নিয়ে কর্ণফুলী জাহাজ সেন্টমার্টিন্স দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়।
গত রবিবার আগে সেন্টমার্টিন্স দ্বীপে গিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় টেকনাফে ফিরতে পারেনি সহস্রাধিক পর্যটক। জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিন্স দ্বীপে আটকে পড়া পর্যটকেরা আজ সন্ধ্যায় ফিরে আসতে পারবে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.