প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২২, ৯:৩৮ পি.এম
মহেশখালীতে হাত-পা বাধা অবস্থায় কিশোরের মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী উপজেলার পাহাড়ী ঝিরি থেকে হাত-পা বাধা অবস্থায় এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই জানান, সোমবার বিকাল সোয়া ৫ টায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার নাকাটা নামক পাহাড়ী ঝিরি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিপ্লব কান্তি দে (১৬) ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এলাকার জীবন হরি দে এর ছেলে।
সে পেশায় মোবাইল মেকানিক।
তবে কারা, কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।
আব্দুল হাই বলেন, বিকালে ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা নাকাটা নামক পাহাড়ী ঝিরিতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন পানচাষী পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাধা অবস্থায় এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে।
" নিহতের গলায় রশি জাতীয় জিনিসের আঘাতের চিহ্ন দেখা গেছে। সে ফুল হাতা শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিল। "
ওসি বলেন, " কারা, কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। "
নিহতের বাবা জীবন হরি দে বলেন, রোববার সকালে তার এক অসুস্থ মেয়েকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিপ্লব কান্তি দে সহ তিনি হাসপাতালে অবস্থান করেছিলেন।
" এক পর্যায়ে রাত ৯ টার দিকে কেউ একজন শিপ্লব'কে মোবাইল ফোনে কল দেন। এসময় সে (শিপ্লব) একটু পরে আসার কথা জানিয়ে হাসপাতাল থেকে বের হন। এরপর রাতে আর হাসপাতালে ফিরেনি। "
সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিলেও তার সন্ধান পাওয়া যায়নি বলে জানান নিহতের বাবা।
ওসি আব্দুল হাই জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.