ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়া উপজেলার একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ গেট সংলগ্ন জলিল প্লাজার আরাফাত হোটেলের চতুর্থ তলার কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
হোটেলের রেজিস্ট্রার খাতার তথ্য অনুযায়ী, সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টায় ৩০০ টাকায় ৩০৪ নম্বর কক্ষটি ভাড়া নেন নুসরাজাহান লিজা (২৩) নামে ওই তরুণী। যেখানে তার ঠিকানা হ্নীলা, টেকনাফ ও পেশা চাকরি উল্লেখ করা হয়েছে। বাবার নাম লেখা জিসান মিয়া ও মা রোজিনা এবং একটি ফোন নম্বর লেখা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপুল চন্দ্র জানান, ভোরে খবর পেয়ে পুলিশ এসে দেখে, কক্ষটি ভেতর থেকে বন্ধ করা। দরজা ভেঙে ঢুকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের হুকের সঙ্গে বোরকা পরিহিত তরুণীকে ঝুলতে দেখা যায়। সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল লাশের সুরতহাল শেষে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ওই তরুণী একাই কক্ষটি ভাড়া নিয়েছিলেন। রেজিস্ট্রারে লিপিবদ্ধ ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তার কোনও স্বজনের এখনও খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.