প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ৮:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২২, ৯:৩১ পি.এম
মাতামুহুরি নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ট্রাক জব্দ, দুইজন আটক

ভয়েস প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের বারবার অভিযানের পরও থামানো যাচ্ছে না বালু লুটের কারবার। বিশেষ করে মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে সেলো মেশিন বসিয়ে একশ্রেণীর প্রভাবশালী মহল প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বাণিজ্য অব্যাহত রেখেছে। এ অবস্থায় সর্বশেষ গতকাল দুপুরে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মাতামুহুরী নদী পয়েন্টে অভিযান চালিয়ে বালু পরিবহন কালে একটি ডাম্পার ট্রাক জব্দ ও দুই শ্রমিককে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান এ অভিযান পরিচালনা করেন। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করে অবৈধভা্বে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে আইনের ১৫(১) ধারা অনুযায়ী জড়িতদের ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড করেন আদালত। এছাড়া আটক দুই শ্রমিককে মুছলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট৷
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। তিনি বলেন, সরকারি নির্দেশনা লঙ্ঘন করে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের খবর পেয়ে গতকাল উপজেলার কোনাখালী ইউনিয়নের মাতামুহুরী নদী পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু পরিবহন কালে একটি ডাম্পার ট্রাক জব্দ ও দুই শ্রমিককে আটক করা।
তিনি বলেন, অভিযানকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করায় একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী জড়িতদের ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে আটক দুই শ্রমিককে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.