বিনোদন ডেস্ক:
করোনা পরিস্থিতি বলিউডে ছবি মুক্তির ধারা অনেকটা পাল্টে দিয়েছে।অমিতাভ বচ্চনের ‘গুলাবো সিতাবো’, বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’ ও জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’-এর পর এবার ডিজিটাল রিলিজের পথে হাঁটছেন মহেশ ভাট।
অনেক বছর আগে মেয়ে পূজা ভাটকে নিয়ে পরপর ছবি করেছিলেন মহেশ। ছোট মেয়ে আলিয়াকে কখনো নির্দেশনা দেননি। এবার দুই মেয়েকে একসঙ্গে নিয়ে নির্মাণ করেছেন ‘সড়ক টু’।
১০ জুলাই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। কিন্তু এখন হলে গিয়ে ছবি দেখার মতো মানসিকতা নেই দর্শকেরই। সেক্ষেত্রে ঝুঁকি নিতে চান না নির্মাতারা। ওটিটি অর্থাৎ ওভার দ্য টপ প্ল্যাটফর্মেই মুক্তি পাবে ‘সড়ক টু’।
প্রযোজক মুকেশ ভাট বলেন, “করোনাভাইরাস যেভাবে দিন দিন বাড়ছে তাতে আপনাদের মনে হয় সিনেমা হল খুলবে? ‘সড়ক টু’ হলে মুক্তি পেলে কেউ যাবেন? মানুষকে পরিবার বাঁচাতে হবে। এখন জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ।”
ডিজনি+হটস্টারে মুক্তি পাবে ‘সড়ক টু’। ছবিটি মহেশের ১৯৯১ সালে মুক্তি পাওয়া রোম্যান্টিক থ্রিলার ‘সড়ক’-এর সিক্যুয়েল। মূল ছবির কাস্ট সঞ্জয় দত্ত ও পূজা ভাটের সঙ্গে থাকছেন আদিত্য রায় কাপুর ও আলিয়া ভাট। এ ছবি দিয়ে ২১ বছর পর পরিচালনায় ফিরলেন মহেশ ভাট।
শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বম্ব’ ও অজয় দেবগণের ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ হটস্টারে সরাসরি মুক্তি পাবে। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ও আসবে একই প্ল্যাটফর্মে। তবে সিনেমার হলের দিন ফেরার অপেক্ষায় আছে রণবীর সিং-এর ‘৮৩’ ও অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.