খেলাধুলা ডেস্ক:
ভারতের প্রধান কোচের পদে মেয়াদ শেষে আর থাকার ইচ্ছে নেই রাহুল দ্রাবিড়ের। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু। পরবর্তী প্রধান কোচ হিসেবে আলোচনায় আসছে চেন্নাই সুপার কিংসের দায়িত্বে থাকা স্টিফেন ফ্লেমিংয়ের নাম।
গত ওয়ানডে বিশ্বকাপেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল দ্রাবিড়ের। এরপর তিনি থাকবেন কি না, সে ব্যাপারে ধোঁয়াশা তৈরি হয়। শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করতে রাজি হন দ্রাবিড়। এ দফা চুক্তির মেয়াদ আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শেষ হবে।
গত সোমবার প্রধান কোচের আবেদন চেয়ে বিজ্ঞপ্তিও দিয়েছে বিসিসিআই। আবেদন করা যাবে ২৭ মে পর্যন্ত।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ জানিয়েছিলেন, দ্রাবিড়ও যদি কোচ হিসেবে থাকতে চান তাকে নতুন করে আবেদন করতে হবে।
সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের পর দায়িত্ব থেকে সরে যাওয়ার ব্যাপারটি আগেই বিসিসিআইকে জানিয়ে রেখেছেন দ্রাবিড়। এমনকি সেটি নাকি মার্চে আইপিএল শুরুর আগেই।
এর আগে ভারতের বয়সভিত্তিক দল ও জাতীয় একাডেমির দায়িত্ব পালন করা দ্রাবিড় জাতীয় দলের প্রধান কোচ হন ২০২১ সালের নভেম্বরে।
ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষণের নামও আসছে দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.