বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গত সপ্তাহেই রিয়া চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করেছেন সুশান্তের বাবা কে কে সিং। এরপরই বিহার তদন্তকারীদের একটি দল যায় মুম্বাইতে। নোটিশও পাঠানো হয় রিয়াকে।
কিন্তু বিহার পুলিশ জানায়, কিছুতেই তারা রিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এখন শোনা যাচ্ছে তিন দিন আগেই মধ্যরাতে বড় বড় স্যুটকেসসহ অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে যায় চক্রবর্তী পরিবার।
রিয়ার আবাসনের ম্যানেজার একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে জানান, রিয়ারা ওই অ্যাপার্টমেন্টটি খালি করে দিয়েছেন। রিয়া তার মা, বাবা, ভাইকে নিয়ে তিনদিন আগেই মধ্যরাতে একটি নীল গাড়িতে করে চলে যান। সেই সঙ্গে তিনি জানান, সুশান্ত মাঝেমধ্যেই ওই ফ্ল্যাটে যেতেন।
বিহার পুলিশের ডিজিপি জানিয়েছেন, গত সপ্তাহে সুশান্তের বাবা এফআইআর দায়েরের পরই রিয়ার খোঁজে মুম্বাই যায় পুলিশ। কিন্তু তখন থেকেই তারা রিয়ার কোনও খোঁজ পাননি।
এরমধ্যেই রিয়া একটি ভিডিও বার্তায় বলেছেন,‘আমার ভগবান এবং বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি আমি সুবিচার পাবই। আমার বিরুদ্ধে ভয়ঙ্কর সব কথা বলা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ায়। বিষয়টি আমার বিচার বিভাগীয় হওয়ায় আমি আমার আইনজীবীদের পরামর্শ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকি। সত্যমেব জয়তে, সত্য বিজয় হবেই।’
সুশান্তের মৃত্যুর কারণ খুঁজতে হন্যে হয়ে রয়েছেন তার ভক্ত ও প্রিয়জনেরা। কী কারণে এমন মানসিক অবসাদ এবং এই মৃত্যুর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়ে নানামহলে প্রশ্ন উঠছে। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে শিউড়ে উঠেছে গোটা ভারত। অভিযোগ উঠেছে, এই মৃত্যুর নেপথ্যে রয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড়দের প্রভাব এবং তাদের প্রভাবশালী তকমার জোর। সূত্র: এই সময়
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.