খেলাধুলা ডেস্ক:
বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, তত চোট-ইনজুরির বিষয়কে পাত্তা দিতে চাচ্ছেন না ব্রাজিল তারকা নেইমার। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরদিনই গোড়ালিতে আবার আঘাত পান তিনি। যে কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন তিনি। যদিও, নেইমার এখন আর ইনজুরির বিষয়টাকে পাত্তা দিচ্ছেন না। ব্রাজিলের হয়ে খেলতে বদ্ধ পরিকর। উল্টো সাংবাদিকরা ইনজুরি নিয়ে প্রশ্ন করলে, তিনি জবাব দেন, কী সমস্যা (আপনাদের)?
ইনজুরি যেন পিছুই ছাড়ছে না ব্রাজিল তারকা নেইমারের। ২০২২ বিশ্বকাপের পর থেকে যে ইনজুরি তার সঙ্গী হয়েছে, কোনোভাবেই সেটা থেকে মুক্তি মিলছে না ব্রাজিল তারকার। এবার তো বিশ্বকাপের স্কোয়াডে থাকাটাই অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল। যদিও কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে রেখেই ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন।
নেইমার স্কোয়াডে থাকলেও বিশ্বকাপ খেলতে পারবেন কি না- সে বিষয়ে শঙ্কা তৈরি হয়েছে। কাফ ইনজুরির অভিশাপ তাকে মোটেও ছাড়ছে না। সান্তোসের হয়ে সর্বশেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১৭ মে করিতিবার বিপক্ষে ৩-০ গোলের হারের ম্যাচে ডান পায়ের কাফে আঘাত পান নেইমার। এরপরই তাকে মাঠ ছাড়তে দেখা যায়।
মঙ্গলবার কোপা সুদামেরিকানায় দেপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষে সান্তোসের ৩-০ জয়ের ম্যাচ দেখতে ভিলা বেলমিরো স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান তারকা। সেখানেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। জানতে চান তার ইনজুরি সম্পর্কে। সেখানেই নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন নেইমার।
সাংবাদিকরা চোট নিয়ে প্রশ্ন করলে হাস্যরসের সুরেই নেইমার বলেন, ‘এটা তো এখানেই আছে, একদম ঠিকঠাক।’ বিশ্বকাপে এই ইনজুরি সমস্যা তৈরি করবে কিনা জানতে চাইলে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তিনি, ‘কিসের সমস্যা?’
নেইমার তার ইনজুরিকে পাত্তা না দিলেও ব্রাজিল দলের মেডিকেল বিভাগ, এ নিয়ে বেশ সতর্ক। তারা নেইমারের জন্য বিশেষ পুনর্বাসন পরিকল্পনা তৈরি করেছেন। ইএসপিএনের একাধিক সূত্র জানিয়েছে, নেইমারের ডান পায়ের কাফে যে ফোলা রয়েছে, সেটি খুব ছোটখাটো নয়। ফলে সান্তোস প্রথমে যে সময়ের মধ্যে তাকে ফেরার আশা করেছিল, এখন দেখা যাচ্ছে, তার চেয়ে সময় আরও বেশি লাগতে পারে।
ফলে আগামী ৩১ মে পানামা এবং ৫ জুন মিশরের বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচ দুটিতে নেইমারের খেলার সম্ভাবনা খুবই কম। যদিও ব্রাজিল দলের লক্ষ্য, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই নেইমারকে পুরোপুরি ফিট করে তোলা। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭৯ গোল করেছেন। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিরের হয়ে খেলতে গিয়ে এসিএল ইনজুরিতে আক্রান্ত হন নেইমার। এর পর থেকে আর জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তার।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.