ভয়েস প্রতিবেদক:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে মোঃ জুবায়ের (৩৪) নামে এক আরসা সদস্য নিহত হয়েছে। নিহত জুবায়ের ওই ক্যাম্পের এইচ/২৯ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।
১৪ এপিবিএন সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের অধীন রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। জুবায়ের নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাওয়ার সময় প্রতিবেশী ইব্রাহিমের ঘরের সামনে পৌঁছালে একদল অজ্ঞাত সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে প্রায় পাঁচ রাউন্ড গুলি করে দ্রুত সটকে পড়ে।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও এর অভ্যন্তরীণ বিরোধ ও দ্বন্দ্বে বেশ কিছুদিন ধরেই ক্যাম্প এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। সেই জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এই ঘটনার সাথে জড়িত অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনি ব্যবস্থা এবং বিস্তারিত তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.