খেলাধুলা ডেস্ক:
রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নিয়ে অচলাবস্থার কারণে এই গ্রীষ্মেই আর্সেনালে যোগ দেওয়ার জোর গুঞ্জন রয়েছে ভিনিসিয়ুস জুনিয়রের। এমন পরিস্থিতিতেও রিয়াল মাদ্রিদের অনুশীলনে দেখা গিয়েছে ভিনিকে। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর থেকে এই উইঙ্গার ছুটিতে ছিলেন। তবে সোমবার (৩ আগস্ট) সাকালে এই উইঙ্গার মেডিকেল পরীক্ষা শেষে নতুন কোচ জোসে মরিনিওর অধীনে ভালদেবেবাস ট্রেনিং কমপ্লেক্সে প্রথম অনুশীলনে যোগ দেন।
রিয়াল ক্লাব ওয়েবসাইটে জানায়, ‘ভিনি জুনিয়র ও ব্রাহিম বিশ্বকাপে অংশগ্রহণ শেষে আবারও রিয়াল মাদ্রিদে ফিরেছে। সকালে তারা ব্লুয়া সানিতাস ভালদেবেবাস হাসপাতালে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পর কোচ জোসে মরিনিওর অধীনে প্রথম অনুশীলন করেছে।’
তবে মাঠে ফিরলেও ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর এক বছর বাকি থাকলেও নতুন চুক্তি নিয়ে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।
এর আগে জানা যায়, নতুন চুক্তিতে সমঝোতা না হলে চলতি দলবদলেই ভিনিসিয়ুসকে বিক্রি করতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। এসব পরিস্থিতি আবার বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে আর্সেনাল। ইংলিশ ক্লাবটির বিশ্বাস, ভিনিসিয়ুস রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিলে তাকে দলে ভেড়ানোর ভালো সুযোগ তাদের রয়েছে। যদিও আর্সেনাল কোচ মিকেল আর্তেতা এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে ভিনিসিয়ুসের প্রতিনিধি ও রিয়াল কর্তৃপক্ষের মধ্যে নতুন চুক্তি নিয়ে পরবর্তী বৈঠকেরও এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি। প্রাক-মৌসুমের প্রথম ম্যাচে ফিওরেন্টিনার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রিয়াল। সেই ম্যাচে দলের প্রথম গোলটি করেন ভিনিসিয়ুসের ব্রাজিল সতীর্থ এন্দ্রিক। শনিবার বুদাপেস্টে হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেঙ্কভারোশের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.