ভয়েস প্রতিবেদক:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিদেশে থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে, চিৎকার-চেঁচামেচি করতে পারে। তবে এসবকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার দুপুরে কক্সবাজার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ কখনোই এসব গ্রহণ করবে না।”
তিনি আরও বলেন, “যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের কোনো অনুশোচনা নেই। তারা দেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। তাই এ দেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ জনগণ কখনোই দেবে না।”
অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে প্রয়োজনীয় এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকার এ বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং প্রয়োজনীয় এলাকায় ক্যাম্প স্থাপনের অনুরোধ জানানো হবে। এর মাধ্যমে অপহরণের মতো ঘৃণ্য অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) ভবন পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করেই পর্যটন শিল্পের উন্নয়ন করতে হবে। কক্সবাজারের সমুদ্রসম্পদ, পর্যটন, গভীর সমুদ্রবন্দর এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
তিনি জানান, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে এবং ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্সভিত্তিক গবেষণা জোরদারে কক্সবাজারে একটি মেরিন সায়েন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে।
পরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ‘স্বপ্নচূড়া’ আবাসিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কক্সবাজারকে শুধু পর্যটননগরী নয়, দেশের অর্থনৈতিক সম্ভাবনার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে প্রকৃতি সংরক্ষণ করে আধুনিক পর্যটন অবকাঠামো নির্মাণ এবং পুরো ১০০ কিলোমিটার সমুদ্রসৈকতকে পরিকল্পিতভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. জসিম উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.