ভয়েস প্রতিবেদক
কক্সবাজারের দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনার সময় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১)-এর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ফরিদ (৪৫)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৭ আগস্ট) র্যাব-১৫, কক্সবাজার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৫, কক্সবাজারের ব্যাটালিয়ন সদর এবং র্যাব-৪, ঢাকার যৌথ অভিযানে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর মডেল থানার মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেট থেকে মো. ফরিদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গত ১ আগস্ট দুপুরে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগরে ফরিদের পরিচালিত প্যারাসেইলিং স্পটে নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে পর্যটক অক্ষর সৌভিক রায় সমুদ্রে পড়ে যান। তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি মো. ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.