ভয়েস নিউজ ডেস্ক:
ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকাবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরি করেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে এ দাবি করেন তিনি।
পোস্টে নিজের দাবির সপক্ষে নাসীরুদ্দীন পাটওয়ারীর বহিষ্কারসংক্রান্ত বাংলাদেশ ছাত্র ফেডারেশনের একটি পুরোনো নোটিশের ছবি মন্তব্যের ঘরে যুক্ত করেছেন রাশেদ খাঁন।
পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, ‘ছাত্র ফেডারেশন করা অবস্থায় ২০১৯ সালে বর্তমান এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাবির এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরি করেছিলেন।
সেই নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্র ফেডারেশনের তৎকালীন দায়িত্বশীল নেতারা একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি সব ধরনের তথ্য-প্রমাণ সংগ্রহ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আনীত ল্যাপটপ চুরির অভিযোগের সত্যতা খুঁজে পান। এর পরিপ্রেক্ষিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সে সময় ছাত্র ফেডারেশন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।’
সে সময় ঢাবিতে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত সবাই বিষয়টি মোটামুটি জানেন দাবি করে তিনি লিখেছেন, ‘ল্যাপটপ চুরির কারণে বহিষ্কৃত হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বেশ কিছু সময় রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন।
দীর্ঘ সময় পরে এবি পার্টিতে জয়েন করার মাধ্যমে কিছুটা সক্রিয় হন। তবে এবি পার্টির নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ল্যাপটপ চুরির ঘটনা জানতেন না।
যদি জানতেন, হয়তো তারাও তাকে দলে নিতেন না। গণ-অভ্যুত্থানের কারণে ও নাহিদ ইসলামের সঙ্গে সম্পর্কের খাতিরে নাসীরুদ্দীন পাটওয়ারী ল্যাপটপ চোর থেকে ছাগল চোরে পরিণত হওয়ার সুযোগ পেয়েছেন।’
সর্বশেষে তিনি লিখেছেন, ‘ছাত্ররাজনীতিতে যার হাতেখড়ি ল্যাপটপ চুরি দিয়ে আর জাতীয় রাজনীতিতে ছাগল চুরি দিয়ে, সেই চোর নাসীর কিভাবে এত ন্যায়নীতির বয়ান আওড়ান?’
অপর এক পোস্টে একটি ছবি যুক্ত করে তিনি লিখেছেন, ‘একটি ল্যাপটপ চুরির দায়ে ছাত্র ফেডারেশন থেকে বহিষ্কৃত বর্তমান এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর আমলনামা!’
ভয়েস/আআ/সূত্র: বাংলানিউজ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.