ভয়েস প্রতিবেদক:
সিলেট নগরের একটি আবাসিক হোটেলে থেকে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও তার দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরের জল্লারপাড় এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, দুই ভাই আমিনুর রহমান ও আবদুশ শুকুর এবং তার সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জন হোটেলটিতে ওঠেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১২টার দিকে হোটেলটি ঘিরে ফেলে সিলেট মহানগর পুলিশ। এরপর হোটেলের বিভিন্ন কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোর ৫টার দিকে চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, “গোপন সংবাদ ছিল, ওই হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেল ঘিরে তল্লাশি চালানো হয়। পরে পরিচয় নিশ্চিত করে চারজনকে আটক করা হয়েছে।”
তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.