ভয়েস বিনোদন ডেস্ক:
সালমান খান-ক্যাটরিনা কাইফ জুটির ব্লকবাস্টার হিট সিনেমা ‘এক থা টাইগার’। ২০১২ সালে আলি আব্বাস জাফর ও কবির খান যৌথভাবে ছবিটি নির্মাণ করেন। এরপর লম্বা বিরতি দিয়ে ২০১৭ সালে এই জুটি ফিরে আসেন ‘টাইগার জিন্দাহ হ্যায়’ নিয়ে। সেটিও ব্লকবাস্টার। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস সিনেমাটির তৃতীয় কিস্তি নিয়ে আসছে। ‘টাইগার থ্রি’ সিনেমায় বরাবরের মতো এবারও নায়ক হিসেবে সালমান খানই আছেন। তবে এবারের ছবিটির পরিচালনায় থাকছেন না আলি আব্বাস জাফর বা কবির খানের কেউই। নতুন এই কিস্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে মণীশ শর্মাকে।
আগামী ২৭ সেপ্টেম্বর বলিউডের প্রখ্যাত প্রযোজক ও পরিচালক যশ চোপড়ার ৮৮তম জন্মদিন এবং প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তবে এ সিনেমায় সালমানের বিপরীতে কাকে দেখা যাবে এ নিয়ে কদিন ধরে চলছিল জল্পনা-কল্পনা। প্রযোজক চাইছিলেন এবার নতুন একটি জুটি উপহার দিতে। প্রযোজকের পছন্দ সালমানের বন্ধু সাইফ আলি খানের সুপারস্টার কন্যা সারা আলি খান! কিন্তু পরিচালকের পছন্দ ছিল ক্যাটরিনা। অবশেষে চূড়ান্ত খবরই পাওয়া গেল। এ দফায় জিতে গেলেন পরিচালকই। অর্থাৎ টাইগার থ্রিতেও সালমানের বিপরীতে থাকছেন লাস্যময়ী ক্যাটরিনা কাইফ।
মজার বিষয় হলো ক্যাটরিনা ও সারা অন্য আরেকটি সিনেমার জন্যও মুখোমুখি অবস্থানে। গত ২৮ ফেব্রুয়ারি টাইগার শ্রফ তার অভিষেক ছবি ‘হিরোপান্তি’র সিকুয়েলের ঘোষণা দিয়েছিলেন। ছবিটিও পরিচালনা করবেন সাব্বির খান। আর প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার। ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমেই টাইগার ও কৃতি শ্যানন পা রাখেন বলিউডে। এই জুটিকে সবাই দারুণ পছন্দ করেছিল। তাই শুরুতে এই ছবির নির্মাতারা কৃতিকেই টাইগারের নায়িকা হিসেবে চেয়েছিলেন। তবে অজানা কারণে কৃতি এই ছবির নায়িকার তালিকা থেকে বাদ পড়ে গেছেন।
এরপর উঠে আসে ক্যাটরিনা এবং সারার নাম। দেখা যাক, এই যুদ্ধে সারা জয়ী হবেন নাকি ক্যাটের কাছে ধরাশায়ী হবেন! জানা গেছে, সাজিদ নাদিয়াদওয়ালা ছবিটি অনেক বড় আয়োজনে শ্যুট করতে চাইছেন। তাই সব মিলিয়ে টাইগারপ্রেমীরা আবার এক জবরদস্ত অ্যাকশনধর্মী ছবির সাক্ষী হতে চলেছেন।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.