ভয়েস নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে বৈঠকে আওয়ামী লীগ সভাপতি দলের ত্যাগী নেতাদের নতুন কমিটিতে জায়গা দেওয়ার নির্দেশনা দেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে সভাপতিমণ্ডলীর একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
বৈঠক সূত্রে জানায়, সভায় করোনা পরিস্থিতি মোকাবিলায় এ পর্যন্ত সরকার ও আওয়ামী লীগের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে আলোচনা হয়। চলমান করোনা পরিস্থিতির আবার অবনতি হতে পারে এবং করোনা সেকেন্ড ওয়েভ শুরু হতে পারে বলে প্রধানমন্ত্রী শঙ্কা প্রকাশ করেন।
এ সময় আওয়ামী লীগ নেতারা করোনা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করার জন্য দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। করোনা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসা এবং মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতাদের উদ্দেশে বলেন, করোনা পরিস্থিতির আবারও অবনতি হতে পারে।, দ্বিতীয় দফায় আবার বড় ধরনের আঘাত আসতে পারে। ইউরোপের কোনও কোনও দেশে দ্বিতীয় দফায় সংক্রমণ শুরু হয়েছে৷ এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য। করোনা পরিস্থিতির মধ্যে দলের নেতাকর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন আগামীতেও যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সেভাবেই মানুষের পাশে থাকতে হবে। দলের নেতারাও করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
সূত্র আরও জানায়, এ সভায় দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের যেসব সহযোগী সংগঠনের সম্মেলনের পর এখনও পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়নি সে কমিটিগুলো দ্রুত দিয়ে দেওয়ার নির্দেশ দেন। এছাড়া আওয়ামী লীগের জেলা-উপজেলাসহ যেসব ইউনিটের সম্মেলন ইতোমধ্যে হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ কমিটি এখনো হয়নি সেগুলোও দ্রুত দিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি দলের ত্যাগী যাতে নতুন কমিটিতে স্থান পায় সে দিকেএ লক্ষ্য রাখার নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, নতুন এবং পুরাতনদের মিলিয়ে কমিটি দিতে হবে। যারা দলের জন্য সব সময় কাজ করে, যারা ত্যাগী তাদেরকে কমিটিতে নিয়ে আসতে হবে। সূত্র:বাংলাট্রিবিউন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.