ভয়েস নিউজ ডেস্ক:
তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনে ভারতের সঙ্গে আলোচনায় অগ্রগতির খবর দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সচিবালয়ে বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের সঙ্গে বৈঠকের পর সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর দেওয়া হয়।
রীভা গাঙ্গুলী বিদায়ী সাক্ষাতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে গিয়েছিলেন।
পানি বণ্টনে আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’র কথা বলা হলেও কোন ক্ষেত্রে কী অগ্রগতি হয়েছে, তা বলা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশের বহু প্রতীক্ষিত তিস্তার পানি বণ্টন চুক্তি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতার কারণে ঝুলে আছে বেশ কয়েক বছর।
ওবায়দুল কাদের বলেন, “প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকলে যে কোনো সমস্যার সমাধান সহজতর হয়। সীমান্ত সমস্যা ও ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যার সমাধান তারই উদাহরণ।
“বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। একুশ বছর দু’দেশের মধ্যে সম্পর্কের যে কৃত্রিম দেয়াল ছিল, তা এখন আর নেই। দু’দেশের সরকার এবং জনগণের মাঝে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত উদার এবং ভবিষ্যতমুখী।”
বাংলাদেশের সড়ক অবকাঠামো উন্নয়ন, বিআরটিসির জন্য বাস ও ট্রাক এবং সড়ক উন্নয়নে যন্ত্রপাতি সংগ্রহে অর্থায়নের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান মন্ত্রী কাদের। সূত্র:বিডিনিউজ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.