ভয়েস নিউজ ডেস্ক :
ধর্ষণের ঘটনা নিয়ে কোনো ধরনের রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ নিয়ে কোনো ধরনের রাজনীতি করা উচিত নয়।’
ধর্ষণের ঘটনায় সরকার ও দল দায় এড়াতে পারে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় পরিচয় যাই হোক না কেনো ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড় পাবে না।’ এ সময় অপরাধী ও প্রশ্রয়দাতাদের ধরিয়ে দিতে সবাইকে সহায়তা করার আহ্বান জানান সেতুমন্ত্রী।
ব্রিফিংয়ে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতিকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, যৌক্তিক দাবি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আলোচনায় বসতে হবে।
মন্ত্রী আরও বলেন, ‘করোনার মধ্যে আমি কাজ করেছি। যেখানে যাওয়ার প্রয়োজন ছিল না, সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে যাইনি শুধু। মন্ত্রণালয়ের কাজে সবসময় যুক্ত থেকেছি। আমার কারণে কোন ফাইল আটকে থাকেনি। আমি আজকের কাজ কালকের জন্য ফেলে রাখি না।’
সড়কের কাজের গুণগত মান এখন সর্বোচ্চ অগ্রাধিকার-উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এর দায় দায়িত্বশীলরা এড়াতে পারবেন না। সড়কের কাজ সময়মতো শেষ না করে ব্যয় বাড়ানো হয়। প্রকৌশলী-ঠিকাদাররা এ ক্ষেত্রে যোগসাজস করেন। এটা করা যাবে না।’ সূত্র:আমাদের সময়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.