ভয়েস নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে আবর্জনার স্তূপে পাওয়া গেল আসন্ন মার্কিন নির্বাচনের ব্যালট পেপার ও রাজনৈতিক প্রচারপত্রসহ প্রায় ২ হাজার চিঠিপত্র।
সম্প্রতি নিউ জার্সির অরেঞ্জ ও পশ্চিম অরেঞ্জ এলাকার আবর্জনার স্তুপে ব্যালট পেপারসহ চিঠি ফেলে দেওয়ার অভিযোগে নিকোলাস বউচেন নামে একজন ডাককর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, নিকোলাস গত জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক পরিষেবা কর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন। মাত্র চার মাসেরও কম সময় ডাক বিভাগে কাজ করার পরে এক সপ্তাহের মধ্যে বার্গেন ও এসেক্স কাউন্টির ৬২৭টি প্রথম শ্রেণির চিঠি, ৯৯টি সাধারণ নির্বাচনের ব্যালট, ২৭৬টি রাজনৈতিক প্রচারপত্র এবং আরো চিঠিপত্র তিনি ডাস্টবিনে ফেলে দেন। ঠিক কী কারণে তিনি এসব চিঠিপত্র আবর্জনার স্তূপে ফেলে দিয়েছেন তা জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
পশ্চিম অরেঞ্জের এলাকার বাসিন্দা সাইমন জানান, তারা বেশ কয়েকদিন ধরে কোনো চিঠিপত্র পাচ্ছিলেন না, কাল আসবে কাল আসবে বলে অপেক্ষা করছিলেন। এক সপ্তাহে কোনো চিঠিই পায়নি তারা। জরুরি চিঠি না পাওয়ায় তারা প্রায় ক্ষুব্ধ হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই পার্শ্ববর্তী আবর্জনার স্তূপ থেকে কিছু চিঠিপত্র বাতাসে উড়তে দেখেন। কয়েকজন প্রতিবেশি মিলে ডাস্টবিনের কাছে গিয়ে তারা অনেকগুলো চিঠি এবং নির্বাচনী ব্যালট পেপার দেখতে পান। স্থানীয় পুলিশকে ঘটনাটি জানানোর পরে তারা এসে সেগুলো উদ্ধার এবং সংশ্লিষ্ট এলাকার চিঠিপত্র বিতরণকারী ডাককর্মীকে গ্রেপ্তার করে।
তদন্তকারীরা বলছেন, বউচেন গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অরেঞ্জ ও পশ্চিম অরেঞ্জ এলাকার বাসিন্দাদের নামে আসা এসব চিঠিপত্র আবর্জনার স্তূপে ফেলে দিয়েছেন। তদন্তকারী কর্মকর্তা হাওয়ার্ড ডিঞ্জার বলেন, এটি একটি রহস্যজনক ও হাস্যকর ঘটনা।
চিঠি বিতরণে বিলম্ব এবং চিঠি বিতরণে বাধা দেওয়ার অভিযোগে বউচেনকে ফেডারেল আদালতে হাজির করা হয়েছিল। প্রসিকিউটররা বলছেন, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অভিযোগগুলো স্বীকার করেছেন তিনি। তবে তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। সূত্র:রাইজিংবিডি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.