খেলাধুলা ডেস্ক:
এমন উত্তেজনার ম্যাচ আইপিএল আগে দেখেনি! হ্যাঁ, রবিবার অনুষ্ঠিত কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ নিয়ে এভাবে বলাই যায়। এদিন কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার দিনের প্রথম ম্যাচ সুপার ওভারে নিষ্পত্তি হয়। পরে পাঞ্জাব-মুম্বাই ম্যাচও গড়ায় সুপার ওভারে।
কিন্তু সুপার ওভারও টাই হওয়ায় আইপিএলের ইতিহাসে প্রথমবার দ্বিতীয় সুপার ওভার প্রয়োজন পড়ে। এমন রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে শেষ হাসি হাসে পাঞ্জাব।
আইপিএলে পাঞ্জাবের ম্যাচ মানেই গ্যালারিতে বলিউড তারকা প্রীতি জিনতার উপস্থিতি। পাঞ্জাবের যৌথ মালিক তিনি। এতটাই ক্রিকেট ভালোবাসেন যে সব ম্যাচে তার মাঠে থাকা চাই।
করোনার কারণে এবার সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে আইপিএল। এরপরও প্রীতি নিজ দলকে উৎসাহ দিতে প্রতি ম্যাচেই গ্যালারিতে থাকছেন।
এবার যদিও এই বলিউড সুন্দরী ম্যাচ শেষে হাসি নিয়ে ফিরতে পেরেছেন খুব কমই। প্রথম ৭ ম্যাচে তার দল মাত্র ১ ম্যাচ জিততে পেরেছিল। সবশেষ দুই ম্যাচে অবশ্য বদলে গেছে প্রীতির দল। গত বৃহস্পতিবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে দলটি বাঁচিয়ে রাখে প্লে অফ খেলার আশা। তবে বাকি ম্যাচগুলোতে হোঁচট খেলে চলবে না, এমন সমীকরণ দলটির সামনে।
সেই পাঞ্জাবকে মুম্বাইয়ের বিরুদ্ধে দিতে হলো স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা। সেটা মাঠে গেইলদের যেমন, তেমনই পাঞ্জাব ভক্ত থেকে শুরু করে দল সংশ্লিষ্টদের। দুই সুপার ওভারের উত্তেজনার মাঝে টেলিভিশন ক্যামেরা বারবার খুঁজে নিচ্ছিল পাঞ্জাব মালিক প্রীতিকে। উত্তেজনায় তিনিও কাঁপছিলেন।
বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটির পর প্রীতি অবশ্য টুইট করে বলেছিলেন, ‘...আশা করি আমাদের দল ক্রিকেটের নামে লোকের হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়াবে না।’ ভক্তদের সতর্ক করে বলেছিলেন, ‘একটা প্রয়োজনীয় সতর্ক বার্তা দিই- পাঞ্জাবের ম্যাচ দুর্বলচিত্তের লোকদের জন্য নয়।’
প্রীতির কথাই যেন এদিন আরেকবার প্রমাণ করল পাঞ্জাব। সেটা বলিউড তারকাকে জয় উপহার দিয়েই।
প্রীতি অবশ্য ম্যাচ শেষ হয়ে গেলেও উত্তেজনায় কাঁপছেন। টুইট বার্তায় লিখেছেন, ‘যখন কথা বলার শব্দ খুঁজে পাইনা, তখন প্রতিক্রিয়াগুলোই আমার হয়ে জোরে কথা বলে। দুইটা সুপার ওভার? অবিশ্বাস্য! আমি এখনো কাঁপছি। কিংস ইলেভেন পাঞ্জাব ছেলেদের জন্য গর্বিত। কী দুর্দান্ত ম্যাচ, কী দুর্দান্ত রাত, কী অনুভূতি।’ দলকে ধন্যবাদ দিয়ে প্রীতি আরো লেখেন, টিম ওয়ার্ক সব সময় সেটাই বের করে আনে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.