খেলাধুলা ডেস্ক:
লা লিগার নতুন মৌসুমে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকো নামে পরিচিত চির প্রতিদ্বন্দ্বী দল দুটির লড়াই দেখতে মুখিয়ে গোটা বিশ্বের ফুটবল সমর্থকরা।
ক্যাম্প ন্যুতে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ক্লাব ফুটবলের অন্যতম সেরা এই লড়াই। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট-২ ও ফেসবুক লাইভে।
ম্যাচটি বার্সা-রিয়াল উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। সবশেষ নিজ নিজ ম্যাচে হারায় জয়ে ফেরার তাড়না থাকছে তাদের। ফলে বরাবরের মতো এবারও সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে উভয় দল।
এ ছাড়া মৌসুমের শুরুটা আশানুরূপ ভালো হয়নি বার্সেলোনার। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে আছে দলটি। এ ছাড়া সবশেষ ম্যাচে গেতাফের মাঠে ১-০ গোলে হারতে হয়েছে তাদের।
এক ম্যাচ বেশি খেলা রিয়াল ১০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয়স্থানে। গত আসরের চ্যাম্পিয়ন দলটিও সবশেষ ম্যাচে নিজেদের মাঠে ১-০ ব্যবধানে হারে কাদিজের কাছে। এরপর শাখতার দোনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও হারে জিনেদিন জিদানের দল।
লড়াইটিতে ম্যাচ জিতলে মৌসুমের শুরুতেই বার্সার সঙ্গে ৬ পয়েন্টের দূরত্ব তৈরি করতে পারবে রিয়াল। আর বার্সা জিতলে পয়েন্ট ব্যবধান ঘুচিয়ে চির প্রতিদ্বন্দ্বীদের পাশে বসবে তারা।
গত মৌসুমে কাম্প ন্যুতে অনুষ্ঠিত এল ক্লাসিকোর ফল ছিল গোলশূন্য ড্র। দল দুটির ম্যাচের এমন ফল অনেকটা বিরল। কেননা গত দশটি এল ক্লাসিকোয় গড়ে গোল হয়েছে ২.৭টি করে।
ক্লাসিকোর ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি বার্সেলোনা তারকা লিওনেল মেসির দখলে, ২৬টি। ক্লাবটির খেলোয়াড় হিসেবে ধ্রুপদি এই লড়াইয়ে পাঁচটি গোল রয়েছে বার্সার বর্তমান কোচ রোল্যান্ড কুম্যানেরও।
এই লড়াইয়ে নজর থাকছে বার্সেলোনার নতুন সেনসেশন অনসু ফাতির দিকে। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়, চারটি গোল করেছেন লা লিগায়, একটি চ্যাম্পিয়নস লিগে।
জুনিয়র পর্যায়ে রিয়ালের বিপক্ষে গোল করার অভিজ্ঞতা রয়েছে ফাতির। মূল দলের হয়েও চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কারিশমা দেখানোর সুযোগ এসেছে তার।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.