ভয়েস নিউজ ডেস্ক:
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাম্প্রতিক নোয়াখালীতে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।তিনি বলেন, এসব ঘটনায় তিনি লজ্জিত। তবে ধর্ষণ-নারী নির্যাতনের সঙ্গে যদি আওয়ামী লীগের অথবা অঙ্গসংগঠনের কেউ জড়িত থাকে, তাদেরও ছাড় দেওয়া হবে না।
রবিবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বিনিময় সভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দল থেকে শুধু বেরই করে দেওয়া হবে না, তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ ও কবিরহাট অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন বিনষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। সেদিকে খেয়াল রাখতে হবে।’
সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে হিন্দু ধর্মাবলম্বীদের তিনি বলেন, ‘আপনারা নিজেদের সংখ্যালঘু মনে করবেন না। এই দেশ আমাদের সকলের।’
কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি মিলন কান্তি মজুমদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কমলকান্তি মজুমদারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক রণজিৎ কর্মকার, শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি নির্মল চন্দ্র দে, সাধারণ সম্পাদক দীপক সূত্রধর প্রমুখ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.