ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের ওপর দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মনে করেন, বিএনপি নিজেদের অপরাজনীতির জন্যই দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দলের কী ভূমিকা তা জানতে আওয়ামী লীগের অতীত ভূমিকা দেখুন। তখন নিজেদের ব্যর্থতা চিহ্নিত করতে সহজ হবে।’
ওবায়দুল কাদের আজ বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে গাবতলী ট্রেনিং সেন্টার উদ্বোধন শেষে এসব কথা বলেন। তার বাসা থেকে তিনি এ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সরকার বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার বিরাজনীতিকরণ করছে না। বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টাও করছে না।’
সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে বিরোধী দলগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে সরকার। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু নির্বাচনি প্রক্রিয়াকে ভয় পায়। নির্বাচনে অংশ নেওয়ার আগেই তারা হেরে যায়। তাদের রাজনৈতিক আত্মবিশ্বাস এখন তলানিতে ঠেকেছে।’
ওবায়দুল কাদের দাবি করেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নেয় লোক দেখাতে। তারা ভোটের দিন কেন্দ্রে আসে না। এতে বিএনপি ভোটারদের আস্থা হারিয়ে ফেলছে। আন্দোলনের ডাক দিয়ে নেতারা ঘরে বসে থাকায় তাদের ওপর কর্মীরাও আস্থা হারিয়ে ফেলছে।’
নারী গাড়িচালকের চাহিদা বাড়ছে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দেশে নারী গাড়িচালকের চাহিদা দিন দিন বাড়ছে। তাই বিআরটিসির মহিলা বাস সার্ভিস, স্কুল বাস সার্ভিসে শতভাগ নারীচালক ও সহকারীদের সম্পৃক্ত করা জরুরি। সেবার মান, দক্ষতা ও ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ালে এবং স্বচ্ছতা নিশ্চিত করা গেলে বিআরটিসিকে লাভজনক করা সম্ভব। সরকার বিআরটিসিকে একটি জনবান্ধব ও সেবাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। সংশ্লিষ্ট সবার আন্তরিক চেষ্টায় বিআরটিসি অবশ্যই লাভের ধারায় ফিরবে।’
সূত্র:বাংলাট্রিবিউন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.