খেলাধুলা ডেস্ক:
শেষ চার ম্যাচের ফলগুলো ছিল যথাক্রমে ড্র, পরাজয়, পরাজয় ও ড্র; যার ফলে নামতে নামতে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে চলে গিয়েছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সেখান থেকে ঘুরে দাঁড়াতে প্রয়োজন ছিল বড় জয়। আজ (শনিবার) রাতে ঠিক তেমনই এক জয় পেল কাতালান ক্লাবটি।
ঘরের মাঠে রিয়াল বেটিসের বিপক্ষে খেলা ম্যাচটিতে প্রথমার্ধে যেন গোলখরায় ভুগছিল বার্সেলোনা। বারবার আক্রমণ করেও জালে বল প্রবেশ করাতে পারছিল না তারা। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি এবং বদলে যায় দৃশ্যপট। শেষের ৪৫ মিনিটেই বার্সেলোনা করেছে ৪টি গোল।
প্রথমার্ধে ওসুমানে দেম্বেলের বুলেট গতির শটে পাওয়া গোলের পর দ্বিতীয়ার্ধে আরও চারবার লক্ষ্যভেদ করে বার্সা পেয়েছে ৫-২ গোলের বড় জয়। প্রথমার্ধের পুরো সময় বেঞ্চে থাকলেও, দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুই গোল করেছেন মেসি। অন্য তিন গোলে নাম তুলেছেন দেম্বেলে, গ্রিজম্যান ও পেদ্রি।
লা লিগায় এ নিয়ে পঞ্চমবারের মতো বেঞ্চ থেকে মাঠে নেমে দুই গোল করলেন মেসি। সবশেষ ২০১৩ সালে রিয়াল বেটিসের বিপক্ষেই বেঞ্চ থেকে মাঠে এসে জোড়া গোল করেছিলেন তিনি। এছাড়া সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০১৪ সালের পর এবারই প্রথম ম্যাচের শুরু থেকে না খেলেও দুই গোল করেছেন বার্সা অধিনায়ক।
মেসির জোড়া গোলের সুবাদে ৫-২ ব্যবধানে জিতলেও, বার্সার গোলের সংখ্যা অন্তত হাফ ডজন হতেই পারত। ম্যাচের প্রথমার্ধে, ৩৩ মিনিটের সময় গোলের সহজতম সুযোগ অর্থাৎ পেনাল্টি পেয়েও সেটি কাজে লাগাতে পারেননি গ্রিজম্যান। ডানদিকে ঝাপিয়ে গ্রিজম্যানের শট ঠেকিয়ে দেন বার্সার সাবেক গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.