ভয়েস নিউজ ডেস্ক:
আওয়ামী লীগ নেতাকর্মীদের সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জাতির পিতার হাতেগড়া সংগঠন, আদর্শ নিয়েই এ সংগঠন গড়ে উঠেছে। কাজেই জনগণের সেবা করাই আমাদের কর্তব্য। সেই সেবার মনোভাব নিয়েই মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে।
রোববার (৮ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্বাচিত মাদারীপুর, ফরিদপুর এবং মৌলভীবাজার জেলার জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
নবনির্বাচিত জেলা পরিষদ সদস্যদের শেখ হাসিনা বলেন, আপনারা নির্বাচিত হয়ে এসেছেন, জনগণের সেবাটাই আপনাদের কাজ। সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করবেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা যারা নবনির্বাচিত তাদের একটা কথা মনে রাখতে হবে আপনারা জানেন আওয়ামী লীগ একটা আদর্শ নিয়ে চলে। আওয়ামী লীগ এদেশের বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই এই সংগঠনটি গড়ে উঠেছিল। এটা কোনো ক্ষমতায় বসে গড়ে তোলা সংগঠন নয় বরং সাধারণ মানুষ যেখানে শোষিত-বঞ্চিত ছিল, সরকার যাদেরকে অবহেলা করতো সেই সরকারের বিরুদ্ধে গণমানুষের কথা বলার জন্যই এই সংগঠনটি গড়ে উঠেছে।
করোনা মহামারী মোকাবেলা এবং এ সংকটে দেশের অর্থনীতি সচল রাখতে সরকারের ২১টি প্রণোদনা প্যাকেজের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একদিকে করোনাভাইরাসকে যেমন মোকাবেলা করবো অপরদিকে আর্থসামাজিক উন্নয়নটাও যাতে হয় সেদিকেও আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।
ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শামসুল হক, মাদারীপুরের মুনীর চৌধুরী এবং মৌলভীবাজার জেলার নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান এ সময় শপথ নেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলাল উদ্দিন। সচিবালয় প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিআরডি ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম এবং প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। গণভবন প্রান্তে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র:বার্তা২৪।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.