আন্তর্জাতিক ডেস্ক:
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ফেডেরিকা মোঘেরিনি। বুধবার আটলান্টিক কাউন্সিল থিংক ট্যাংকের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর পররাষ্ট্রনীতি বিষয়ক সাবেক এই প্রধান।ফেডেরিকা মোঘেরিনি বলেন, সব পক্ষ ইরানের পরমাণু সমঝোতার পরিপূর্ণ বাস্তবায়ন না করলে তেহরান নতুন করে সংলাপে বসবে না।
প্রবীণ এই কূটনীতিক বলেন, হোয়াইট হাউজ থেকে ডোনাল্ড ট্রাম্প বিদায় নেওয়ার পরও আমেরিকার পরমাণু সমঝোতায় ফিরে আসা নিয়ে ইরানের উদ্বেগ কাটবে না। কারণ পরবর্তীতে আবার কোনও রিপাবলিকান প্রেসিডেন্ট ক্ষমতায় এসে আমেরিকাকে এই সমঝোতা থেকে বের করে নিতে পারেন। ফলে যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। হোয়াইট হাউজের ক্ষমতায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেন পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেওয়া না যায়।
ফেডেরিকা মোঘেরিনি বলেন, ইরানকে একটি পরমাণু শক্তিধর দেশ হওয়া থেকে বিরত রাখার একমাত্র উপায় হচ্ছে পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করা।
২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষর করেছিল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের ওই সমঝোতা স্বাক্ষরে মধ্যস্থতার ভূমিকা পালন করেছিলেন ফেডেরিকা মোঘেরিনি।
২০১৮ সালে ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এবার বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনি প্রতিশ্রুতিতে বলেছিলেন, তিনি কিছু শর্তসাপেক্ষে ইরানের পরমাণু সমঝোতায় ফিরবেন। তবে তেহরান বলছে, ওয়াশিংটনকে নিঃশর্তভাবে সমঝোতায় ফিরতে হবে। এমন পরিস্থিতিতেই বাইডেনকে ইরানের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানালেন মোঘেরিনি। সূত্র: পার্স টুডে।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.