খেলাধুলা ডেস্ক:
আয়াক্সকে ১-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠেছে লিভারপুল।
অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে একমাত্র গোলটি করেন কার্টিস জোন্স।
প্রথম তিন ম্যাচে জয়ের পর গত রাউন্ডে আতালান্তার বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল লিভারপুল। পাঁচ ম্যাচে চার জয়ে তাদের পয়েন্ট হলো ১২।
দ্বিতীয় হারের স্বাদ পাওয়া আয়াক্স ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে।
প্রথমার্ধে বল দখলে আধিপত্য করা আয়াক্স প্রথম ভালো সুযোগ পায় ২১তম মিনিটে। তবে ডাভি ক্লাসেনের হেড দৃঢ়তায় রুখে দেন গোলরক্ষক কুইভিন কেলেহার। ৩২তম মিনিটে আবারও তার নৈপুণ্যে রক্ষা পায় লিভারপুল। প্রায় ২৮ গজ দূর থেকে ডাচ মিডফিল্ডার নুসায়ার মাজরাউয়ির জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান লিভারপুলের যুব দল থেকে উঠে আসা আইরিশ গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে প্রথমে কেলেহারের নৈপুণ্যে এবং পরে ভাগ্যক্রমে বেঁচে যায় লিভারপুল। আন্তোনির শট গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর আলগা বল পেয়ে পোস্টে মারেন দাভিদ নেরেস।
দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে দুই খেলোয়াড়ের বোঝাপড়ায় এগিয়ে যায় লিভারপুল। ডান দিক থেকে নেকো উইলিয়ামসের ক্রসে দূরের পোস্টের পাশ থেকে টোকায় ফাঁকা জালে বল পাঠান জোন্স।
গোলটির পেছনে যথেষ্ট দায় ছিল আয়াক্স গোলরক্ষকের; বলের গতি-প্রকৃতি বুঝতে না পেরে গোললাইন ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি।
দুই মিনিটের ব্যবধানে ম্যাচ শেষ করে দেওয়ার দারুণ দুটি সুযোগ পেয়েও হারান রবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ। দুজনই গোলরক্ষককে একা পেয়েছিলেন, তাদের রুখে দেন আন্ড্রে ওনানা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.