খেলাধুলা ডেস্ক:
রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন তারা। যার অধীনে দল খেলছে, তিনি আবার টানা তিনবার জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগ। সেই রিয়াল মাদ্রিদের কিনা গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা জন্মেছিল! চ্যাম্পিয়নস লিগ নামকরণের পর প্রতিবারই গ্রুপ পর্বের বাধা পেরিয়ে যাওয়া দলটির নাজেহাল অবস্থায় কোচ জিনেদিন জিদানের চাকরি নিয়েও টানাটানি শুরু হয়ে গিয়েছিল। তবে অতীতের মতো আরেকবার প্রয়োজনের সময় জ্বলে উঠলো রিয়াল। করিম বেনজেমার জোড়া লক্ষ্যভেদে ২-০ গোলের জয়ে শুধু চ্যাম্পিয়নস লিগে টিকেই থাকলো না, নকআউট পর্ব নিশ্চিত করলো গ্রুপসেরা হয়ে।
ঘরের মাঠ আলফ্রেদো ডি স্তেফানো স্টেডিয়ামে জার্মান ক্লাব বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে প্রথমার্ধেই জয় পাকাপোক্ত করে নেয় রিয়াল। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকলে হলে জয়ের বিকল্প ছিল না। কঠিন পরিস্থিতি থেকে মাদ্রিদের ক্লাবটিকে উদ্ধার করলেন বেনজেমা। ফরাসি স্ট্রাইকারের দুর্দান্ত পারফরম্যান্সে সব বাধা পেরিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়ে পরের রাউন্ডে পা রেখেছে তারা।
এবারের প্রতিযোগিতায় দারুণ পারফর্ম করা মনশেনগ্ল্যাডবাখকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়। তবে হেরেও নকআউট পর্বে টিকে গেছে জার্মান ক্লাবটি। গ্রুপের অন্য ম্যাচে শাখতার দনেৎস্ক-ইন্টার মিলান গোলশূন্য ড্র করায় মনশেনগ্ল্যাডবাখ শেষ ষোলো নিশ্চিত করেছে, আর এই দুই দলই বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে।
জিদানের কাছে মনশেনগ্ল্যাডবাখ ম্যাচটি ছিল ‘ফাইনাল’। টিকে থাকার লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। তাই গোল পেতে খুব বেশি সময় অপেক্ষায় থাকতে হয়নি। নবম মিনিটেই স্বাগতিকরা গোল উদযাপন করে বেনজেমার সৌজন্যে। ম্যাচ ঘড়ির কাঁটা আধঘণ্টা ছোঁয়ার পর ফরাসি স্ট্রাইকার আবারও জাল খুঁজে পেলে স্বস্তির জয়ে গ্রুপসেরা হয়ে নকআউট পর্বের টিকিট পায় লস ব্লাঙ্কোস।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.