খেলাধুলা ডেস্ক:
সদ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচক হয়েছেন আব্দুর রাজ্জাক। এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় সাবেক এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার সাবেক সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন।
তবে তার 'বন্ধু' ও সাবেক সতীর্থ মাশরাফি বিন মর্তুজা কিছুটা দেরিতে শুভেচ্ছা জানালেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে টাইগারদের সাবেক অধিনায়ক ও দেশ সেরা পেসার মাশরাফি বন্ধু রাজ্জাককে শুভেচ্ছা জানিয়েছেন।
সেই পোস্টে তিনি লিখেছেন, 'খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভকামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ তুই এবার পেয়েছিস।
তিনি আরও লিখেছেন, 'জানি তুই তোর সেরাটাই দিবি এবং সফলও হবি ইনশাআল্লাহ। এতদিন বাঁ হাতের ভেলকি দেখেছে সবাই, এবার দেখবে তোর মস্তিষ্ক, যা নিয়ে কোনদিনও আমার সংশয় ছিল না।
অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য ভালোবাসা অবিরাম বন্ধু (GOAT)। '
এর আগে গত রোববার (২৯ জানুয়ারি) অনলাইনে হওয়া বোর্ডের এক সভা শেষে রাজ্জাককে নির্বাচক হিসেবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।
করোনাকালে দীর্ঘ ১০ মাস পর বুধবার (২৭ জানুয়ারি) বিসিবি পরিচালনা পর্ষদের বৈঠক বসেছিল। সেখানে অন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি এটিও গৃহিত হয়। এর ফলে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে তৃতীয় নির্বাচক হবেন জাতীয় দলের এক সময়ের এই বাঁহাতি স্পিনার।
আব্দুর রাজ্জাক অবশ্য এখনও ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি। জাতীয় দলে সুযোগ না পেলেও খেলে যাচ্ছেন ঘরোয়া লিগ।
৩৮ বছর বয়সী এই তারকা ক্যারিয়ারে ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়া ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে নিয়েছেন ২৮ উইকেট, ওয়ানেডেতে ২০৭ উইকেট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪৪টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৬৩৪টি।
টাইগারদের হয়ে আব্দুর রাজ্জাক সর্বশেষ ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে খেলেছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.