ভয়েস খেলাধুলা ডেস্ক:
ঢাকা টেস্টে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটফুটে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ বাঁচানোর মিশনে আবু জায়েদ রাহী-তাইজুল ইসলামদের দারুণ নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২০২ রান। এনক্রুমাহ বনার ৬২ ও জশুয়া ডি সিলভা অপরাজিত রয়েছেন ১০ রানে।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনে সফরকারীদের দাপট থাকলেও দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় টাইগাররা। রাহী-সৌম্য-তাইজুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা। ৪ উইকেটে ১৪৬ রান নিয়ে চা বিরতিতে যায় উইন্ডিজ। পঞ্চম উইকেটে বনারের সঙ্গে অভিজ্ঞ জার্মেইন ব্ল্যাকউডের জমে ওঠা জুটি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল।
নিজের বলে ব্ল্যাকউডের (২৮ রান) ক্যাচ নিয়ে ৬২ রানের জুটি ভাঙেন তাইজুল।
দুটি করে উইকেট শিকার আবু জায়েদ ও তাইজুলের। সৌম্য সরকার নেন ১ উইকেট। চট্টগ্রাম টেস্টে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি হাঁকানো কাইল মায়ার্স ছন্দ ধরে রাখতে ব্যর্থ। ৫ রানে ফেরেন তিনি। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট করেন ৪৭ রান। জন ক্যাম্পবেল ৩৬ ও ৭ রান করেন শেইন মোজলি।
সিরিজ বাঁচানোর টেস্টে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরিতে ছিটকে গেছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন ও আবু জায়েদ রাহী। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। ক্যারিবিয়ানরা মাঠে নামে এক পরিবর্তন নিয়ে। কেমার রোচের বদলে আলজারি জোফেসকে একাদশে রেখেছে উইন্ডিজ। সুত্র:মানবজমিন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.