ভয়েস নিউজ ডেস্ক:
জাতীয় দল বাদ দিয়ে আইপিএল খেলার পেছনে সাকিব আল হাসানের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলা বাদ দিয়ে আইপিএল খেলার সিদ্ধান্ত নেয়ায় শুক্রবার সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। বিকেল নাগাদ শিশির ফেইসবুকে লেখেন, ‘সব সময়ই তার একটা পরিকল্পনা থাকে।’
কী সেই পরিকল্পনা? শিশির সেটি বুঝিয়েছেন ধারাভাষ্যকার হার্শা ভোগলের একটি স্ট্যাটাসের স্ক্রিনশট শেয়ার করে। তাতে লেখা, ‘অধিকাংশ মানুষ টেস্ট বাদ দিয়ে আইপিএলকে বেছে নিচ্ছে। সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেলে আইপিএল খেলবেন। সামনের দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ৫০ ওভারের বিশ্বকাপ-প্রাধান্য দেয়ার বিষয়টা এখানে সহজ হচ্ছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলার সময় দেশের হয়ে টেস্ট খেলতে ইচ্ছুক নন বাংলাদেশের অলরাউন্ডার। টেস্ট সিরিজ থেকে ছুটি চাওয়ার পর অনেক আলোচনা করে তার ছুটি মঞ্জুর করা হয়েছে।
সাকিবকে ছুটি দেওয়ার পর আইপিএলে দল পাওয়া বাংলাদেশের আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকেও ছুটি দেওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে বোর্ড। মোস্তাফিজ বা যে কেউ চাইলেই ছুটি দেওয়া হবে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছেন, ‘সাকিব আমাদের চিঠি দিয়েছে, সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চায় না। আমরা মিটিং করেছি, অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে। লম্বা মিটিং হয়েছে। বোর্ড আগেও নানা সময়ে নানাজনকে ছুটি দিয়েছে। তবে জাতীয় দলের খেলার সময় সাধারণত আমরা দিতে চাই না ছুটি। কিন্তু আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, জোর করে কাউকে বাংলাদেশ দলে খেলানো হবে না।’ সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেউউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.